২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মর্যাদা’ না পেয়ে মন্ত্রীর তুলোধোনা

পাট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘যথাযথ মর্যাদা’ না দেওয়ার অভিযোগ তুলে আয়োজক, বিশ্বব্যাংক, এনজিও, ড. ইউনূস, এমনকি অর্থমন্ত্রীরও সমালোচনা করেছেন পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘যথাযথ মর্যাদা’ না দেওয়ার অভিযোগ তুলে পাট নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে আয়োজকদের ‘তুলোধোনো’ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উপস্থিতিতে লতিফ সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করে বলেন, “অর্থমন্ত্রী মুক্তিযোদ্ধা। আর আমি কি উড়ে এসেছি?” পরে অনুষ্ঠানের আয়োজক সংস্থা ক্যাটালিস্টের পক্ষ থেকে মাফ চাওয়া হলে লতিফ সিদ্দিকী শান্ত হন। অনুষ্ঠানে শেষ পর্যন্ত উপস্থিতও থাকেন। তবে তার বক্তৃতার একটি বড় অংশ জুড়ে থাকে অর্থমন্ত্রী, ড. মুহাম্মদ ইউনূস, ক্যাটালিস্ট, সেন্টার ফর পলিসি ডায়ালগসহ (সিপিপি) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঝাঁঝালো মন্তব্য ও বিদ্রুপ। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘পাট ও বাংলাদেশের অর্থনীতি: বেশি উৎপাদনের জন্য পাটকলের যন্ত্রপাতির আধুনিকায়ন’ শীর্ষক এক কর্মশালায় মন্ত্রী এ কাণ্ড ঘটান। কর্মশালায় সিপিডি এবং বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পক্ষ থেকে দুটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। সকাল ১১টায় অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক অর্থমন্ত্রী ও পাটমন্ত্রীকে স্বাগত জানানোর পরপরই উত্তেজিত হয়ে ওঠেন লতিফ সিদ্দিকী। সঞ্চালক জাহিদুজ্জামান ফারুক বলেন, “আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং অর্থনীতিবিদ। পাট নিয়ে এ রকম একটি অনুষ্ঠানের আয়োজনের কথা শুনেই তিনি উপস্থিত হতে সম্মতি দেন। এছাড়া উপস্থিত আছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।” পাট খাত সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি পর্যায়ের অতিথিদের উপস্থিতিতে সঞ্চালকের বক্তব্যের পর স্বাগত বক্তব্য দেন ক্যাটালিস্টের পরিচালক শাহরোজ জলিল। তার বক্তব্য শেষ হতেই লতিফ সিদ্দিকী বলতে শুরু করেন। তিনি সঞ্চালককে বলেন, “কাবাবের মাঝে হাড্ডি দেখছি। আপনি যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, তাতে এই সরকার এবং কেবিনেটকে অপমান করা হয়েছে।” ফারুক নিজের সাংবাদিক পরিচয় তুলে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করলে পাটমন্ত্রী আরো ক্ষিপ্ত হয়ে যান। তিনি বলেন, “আপনি সাংবাদিক বলে কি ভুলভাবে উপস্থাপন করবেন? ডেকে এনে মর্যাদা দেবেন না, তা হতে পারে না। আমাকে অবজ্ঞা করে আমার কেবিনেট সহকর্মীদের অবজ্ঞা করেছেন আপনি।” এরপর অর্থমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি বলতে শুরু করেন, “আমি অর্থমন্ত্রী হিসেবে এখানে এসেছি। কিন্তু এটা মূলত পাট মন্ত্রণালয়ের বিষয়। এখানে সেই ধরনের লোকজনও বেশি আছেন। পাট শিল্পের উন্নয়নে আমার সহকর্মী অনন্য অবদান রাখছেন। আমি একটু বয়োজ্যেষ্ঠ, তাই আমাকে হয়তো প্রধান অতিথি করা হয়েছে।” এরপর আবার লতিফ সিদ্দিকী বলতে শুরু করেন, “মুহিত ভাইকে ফারুক মুক্তিযোদ্ধা বলেছে। তাহলে আমি কি হাওয়ায় ভেসে এসেছি?” “আমাকে ফারুকও আমন্ত্রণ জানায়নি, ক্যাাটালিস্টও না। আমি এসেছি শামস উজ জোহার (বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি) আমন্ত্রণে। ক্যাটালিস্টের মতো এনজিও এ অনুষ্ঠানের আয়োজন করেছে জানলে আমি এখানে আসতাম না। সিপিডি হলেও আসতাম না,” যোগ করেন তিনি। এরপরই সঞ্চালক নিজে এবং ক্যাটালিস্টের পক্ষ থেকে বারবার পাটমন্ত্রীর কাছে মাফ চাওয়া হয়। এভাবে প্রায় ২৫ মিনিট ব্যয় হওয়ার পর শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতেই পাট নিয়ে বুয়েট ও সিপিডির প্রতিবেদন দুটি উপস্থাপন করা হয়। প্রতিবেদনের অনুলিপি আনুষ্ঠানিকভাবে পাটমন্ত্রীকে দিতে গেলে লফিত সিদ্দিকী প্রথমে তা অর্থমন্ত্রীকে দিতে বলেন। এরপর বক্তব্য দেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান টিডি মিত্র, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামস উজ জোহা এবং বাংলাদেশ পাটকল সমিতির সভাপতি নজরুল হক। আরেকটি অনুষ্ঠানের আমন্ত্রণ থাকার কথা বলে লতিফ সিদ্দিকীর আগেই বক্তব্য দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “আমাদের জমি কম হলেও পাটের উৎপাদন বাড়াতে হবে। ১৩০ থেকে ১৪০ বছর ধরে আমরা পাট উৎপাদন ও রপ্তানিতে নেতৃত্ব দিয়েছি। কিন্তু ’৮০ র পর থেকে একটু পেছনে পড়ে গেছি। কারণ সময়ের সঙ্গে তাল দিয়ে আমরা পণ্যের বহুমুখীকরণ এবং যন্ত্রপাতির আধুনিকায়ন করতে পারিনি।” পাটমন্ত্রী ‘প্রায়ই নিয়মকানুন মানেন না’ বলে ঠাট্টাচ্ছলে সামান্য ‘খোঁচাও’ দেন মুহিত। বক্তব্য শেষ করেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর লতিফ সিদ্দিকী বক্তব্য দিতে এসেই অর্থমন্ত্রীকে আক্রমণ শুরু করেন। তিনি বলেন, “উনার দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাংকীয়। আমার অবশ্য অন্যরকম।” ১৯৮৩ সালে বিরাষ্ট্রীয়করণ শুরুর পর থেকেই পাটের দুর্দশাও শুরু- এমন মন্তব্য করে লতিফ সিদ্দিকী বলেন, “তখন আইয়ুবের অনুসারীদেরকে কারখানা ফেরৎ দেওয়া হয়। তখন থেকে বিশ্বব্যাংকের দাওয়াইয়ে বহু শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হয়েছে।” তবে “অর্থমন্ত্রী যতটা হতাশ, আমি ততোটা না,” বলেও উল্লেখ করেন তিনি। পাটখাতের উন্নয়নে বিশ্ব ব্যাংকের সহায়তা না পাওয়ার ইঙ্গিত দিয়ে লতিফ সিদ্দিকী বলেন, “বিশ্ব ব্যাংকের আদরের পুত্র ইউনূসের আবদার রক্ষা করতে না পারায় সারা পৃথিবীজুরে ঝগড়া বাধাচ্ছে।” অবশ্য লতিফের দাবি, ব্যক্তিগতভাবে তিনি নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরোধী নন। “উনি আমার সম্মুন্ধি হন। কিন্তু ৭০ বছর বয়সে উনি এমন সব আবদার করছেন, যা মানা যায় না।” বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির প্রতিবেদন প্রসঙ্গে এই আওয়ামী লীগ নেতা বলেন, “সিডিপির আজকের প্রতিবেদন আমাকে নাড়া দিয়েছে। এই প্রথম সিপিডির কোনো প্রতিবেদন আমাকে আপ্লুত করলো। কিন্তু দেবতার প্রিয় (সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য) যখন কিছু বলেন, তখন আমি আপ্লুত হতে পারি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৬১২ ঘ.