মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের জন্য বিদায়ী বছরটি ছিলো ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) ব্যবহারে এগিয়ে যাওয়ার বছর।
তবে নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে সরকারের কাছে সাড়া না পাওয়ায় উষ্মা ছিলো এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বিদায়ী ইসির।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য বারবার উদ্যোগী হলেও বিভক্ত সিটি কর্পোরেশনের নির্বাচন না করার ঘোষণা দিয়ে ইসি সরকারেরও তীর্যক সমালোচনার মুখে পড়ে।
নির্বাচন কমিশনের জন্য এ বছরটা ছিলো বেশ চ্যালেঞ্জের। যতটা সহজভাবে বিদায় নেওয়ার পরিকল্পনা করেছিলো তিন সদস্যের ইসি, ততটা সহজভাবে মেয়াদ শেষ হচ্ছে না তাদের। তবে উপনির্বাচন ও নারায়ণগঞ্জে সেনা চেয়ে না পাওয়ায় ইসির স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিদায়ী বছর স্থানীয় সরকারের তিন শতাধিক পৌরসভা, কয়েক হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার পাশপাশি হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন, রাজনৈতিক দলের সঙ্গে দুই দফা সংলাপ, বিএনপিসহ বিরোধী পক্ষের বিরোধিতা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, সংসদের সংরক্ষিত ৫টি আসনের নির্বাচন এবং ইসির নিজস্ব সংস্কার কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলো স্বাধীন সাংবিধানিক সংস্থাটি।
মাত্র একটি ওয়ার্ড দিয়ে ইভিএম ব্যবহারের যাত্রা শুরু করলেও এই বছর পুরো সিটি কর্পোরেশনে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। অবশ্য কুমিল্লার এই ভোটটি হবে আগামী বছরের শুরুতে, ৫ জানুয়ারি।
গত বছরের জুনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো একটি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়। সেখানে সাফল্য পাওয়ার পর আরো একটু বড় পরিসরে এ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করে ইসি।
এর ধারাবাহিকতায় গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ২৭টি ওয়ার্ডের মধ্যে ৯টির ৫৮টি কেন্দ্রে ইভিএমে ভোট হয়।
নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণার সময়ই জানানো হয়, এই নির্বাচনে সব ওয়ার্ডেই ইভিএমে ভোট নেওয়া হবে। ইভিএম নিয়ে বিএনপির প্রবল আপত্তির মধ্যেই এক্ষেত্রে অনড় অবস্থান ইসির।
সংলাপে না এলেও পরীক্ষা-নিরীক্ষার জন্যে অবশেষে গত ১ ডিসেম্বর বিএনপির কার্যালয়ে একটি ইভিএম দেয়ার জন্য ইসিকে অনুরোধ জানায় দলটি। তবে ইসি বলেছে, দেওয়া যাবে না। দেখতে হলে যেতে হবে ইসিতে।
আগামী সংসদ নির্বাচনেও ইভিএম ব্যবহারের সব প্রস্তুতি রেখে যাচ্ছে বর্তমান ইসি, যাদের মেয়াদ আগামী ফেব্র“য়ারিতেই শেষ হচ্ছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অধিকাশ রাজনৈতিক দল ইভিএমের পক্ষে। প্রধান বিরোধীদল ও তার শরিকরা এর বিরোধতিা করছে।
ইভিএমের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার যুক্তি, নির্বাচনী ব্যবস্থাপনাকে সহজতর, ফল ঘোষণা তাড়াতাড়ি করা, নির্বাচনোত্তর সহিংসতা কমানো, নির্বাচন পরিচালনা ব্যয় কমানো ও প্রশাসনিক জটিলতা কমানোসহ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এ উদ্যোগ।
নারায়ণগঞ্জে নির্বাচনে সেনা চাওয়ার পরও তা পায়নি নির্বাচন কমিশন, যা নিয়ে ইসির অসন্তোষ প্রকাশের পাশাপাশি বিভিন্ন মহল থেকে সরকারের সমালোচনা ওঠে। তবে সেনা মোতায়েন ছাড়াই নির্ঝঞ্ঝাটভাবে এই নির্বাচন হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসি শুরুতে সেনা মোতায়েন চায়নি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি সমর্থক প্রার্থী তৈমুর আলম খন্দকারের দাবির পর সেনা মোতায়েনে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দেয় ইসি।
তবে সেনা মোতায়েন যে হচ্ছে না, তা শেষ মুহূর্তেও জানতো না ইসি। সেনা মোতায়েন না দেখে নির্বাচনের দিন (গত ৩০ অক্টোবর) বিকালে সিইসি বলেছিলেন, “এ বিষয়ে সরকারের সঙ্গে ‘বোঝাপড়া’ হবে।”
এদিকে ভোটগ্রহণের মাত্র সাড়ে সাত ঘণ্টা আগে তা বর্জনের ঘোষণা দেন তৈমুর আলম। সেনা মোতায়েন না হওয়ার পাশাপাশি ইভিএম ব্যবহারকেও সরে দাঁড়ানোর পক্ষে যুক্তি হিসেবে দেখান তিনি।
পরে অবশ্য সশস্ত্র বাহিনী বিভাগ থেকে সেনা মোতায়েন না করতে পারার বিষয়টির ব্যাখ্যা পায় ইসি। তখন সিইসি বলেন, “এ বিষয়ে সরকার ও ইসির ভুল বোঝাবুঝি (মিস আন্ডারস্ট্যান্ডিং) হয়েছে।”
সরকারের সঙ্গে বাহাস
নারায়ণগঞ্জে সেনা মোতায়েন না হওয়ার পর বছরের শেষ দিকে বিভক্ত ডিসিসি নির্বাচন নিয়ে সরকার ও ইসির মধ্যে শুরু হয় বাহাস।
এর আগে অবিভক্ত ডিসিসি নির্বাচনের জন্য বারবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও সদুত্তর পায়নি ইসি। ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করার নির্বাচন করতে সরকার আহ্বান জানালে ইসি তখন জানিয়ে দেয়, মেয়াদের শেষ পর্যায়ে এসে তাদের পক্ষে এটা করা আর সম্ভবপর নয়।
ইসির জবাব শুনে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “বর্তমান ইসির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। যে সময় আছে তাতে নির্বাচন সম্ভব নয় বলছেন তারা। কিন্তু নির্বাচন করাই নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন করার বিষয়ে হ্যাঁ বা না বলার অধিকার ইসির নেই।”
ইসি নিয়ে রাষ্ট্রপতির সংলাপ
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ঘনিয়ে আসায় নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়টি চলে আসে বছরের শেষ সময়ে। এনিয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর মত নিতে সংলাপ শুরু করেছেন।
তবে রাষ্ট্রপতির এই উদ্যোগের প্রশংসা করলেও তা সফল হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন সিইস শামসুল হুদা।
নির্বাচন কমিশনের গঠন পদ্ধতি নিয়ে বর্তমান ইসিরও একটি ভাবনা রয়েছে। সে নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপ তারাও করেছিলো। এরপর একটি আইনের খসড়া তৈরি করেছে তারা, যা সরকারকে দেওয়া হবে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০৯১৫ ঘ.
bdnews24