২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজ্জাক ছিলেন আপাদমস্তক রাজনীতিক’

সদ্য প্রয়াত আব্দুর রাজ্জাক সম্পর্কে বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়লেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য প্রয়াত আব্দুর রাজ্জাক সম্পর্কে বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়লেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। প্রয়াত সহকর্মীকে ইতিহাসের নায়ক অভিহিত করে আমু বলেছেন, “আব্দুর রাজ্জাক আপাদমস্তক এক জন রাজনীতিবিদ ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের একজন নিরলস কর্মী ছিলেন তিনি।” রাজ্জাক স্মরণে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আওয়ামী শিল্পী গোষ্ঠী আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের সংগঠক, সংসদ সদস্য রাজ্জাক গত ২৩ ডিসেম্বর লন্ডনে মারা যান। তিনি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আমু বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে যে কয়েকজন জননেতা বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে রাজ্জাক অন্যতম। আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধুর আদর্শ থেকে তিনি কখনোই বিচ্যুত হননি। রাজ্জাকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তুলে ধরে আমু বলেন, “রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ঘটে ১৯৬১ সালে। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যতদিন গেছে, আমরা পরস্পরের কাছাকাছি এসেছি।” সভায় রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি হুমায়ুন কবির মিজি, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির সুজন, খন্দকার ফরিদ আহমেদ, নূরুজ্জামান ভুট্টো প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৮০০ ঘ.