ঢাকা, ডিসেম্বের ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড মার্চ শেষে চট্টগ্রাম পলোগ্রাউন্ডে খালেদা জিয়ার সমাবেশ করার পরিকল্পনা করেছে বিএনপি।
স্থানটি রেলওয়ের মালিকানায় বলে বৃহস্পতিবার বিএনপির সহসভাপতি সহসভাপতি সাদেক হোসেন খোকার নেতৃত্বে একটি দল রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে দেখা করে জনসভার অনুমতি চেয়ে আবেদন করেছেন।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ নানা দাবিতে আগামী ৮ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শুরু করবেন বিরোধীদলীয় নেতা। পরদিন চট্টগ্রাম শহরে জনসভা করবেন তিনি।
সাদেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৯ জানুয়ারি জনসভার করতে আমরা পলোগ্রাউন্ডের জন্য আবেদন করেছি। আশা করছি, মাঠ সরকার দেবে।”
এ বিষয়ে রোববার সিদ্ধান্ত জানানো হবে বলে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিএনপি নেতাদের জানানো হয়েছে।
চট্টগ্রামের আগে সিলেট, উত্তরাঞ্চল এবং খুলনা অভিমুখে রোড মার্চ করেছিলেন বিএনপি চেয়ারপারসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১৩৭ ঘ.
bdnews24