২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেলু টেনে নিয়ে যায়, তারপর গুলি’

একাত্তরে নিরীহ বাঙালিদের দেলাওয়ার হোসাইন সাঈদী যে পাকিস্তানি বাহিনীর হাতে ধরিয়ে দিতেন, যার পরিণতি হতো মৃত্যুতে- তারই বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী মফিজ উদ্দিন পশারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে দেলাওয়ার হোসাইন সাঈদী যে নিরীহ বাঙালিদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিতেন তার বর্ণনা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দিয়েছেন পিরোজপুরের মফিজউদ্দিন পশারী। সাঈদী বিরুদ্ধে মামলার এই সাক্ষী নিজেও একাত্তরে রাজাকার ক্যাম্পে নিপীড়িত, আর তাতে জামায়াত নেতা সাঈদীও যে সম্পৃক্ত ছিলেন, তাও জানালেন তিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের দেহের একাত্তরের ক্ষতচিহ্নও দেখান ৭২ বছর বয়সি মফিজ। তিনি সাঈদীর বিরুদ্ধে মামলার সপ্তম সাক্ষী। সাক্ষ্যগ্রহণের পর মফিজকে জেরা করেন সাঈদীর আইনজীবী মিজানুর রহমান এবং কফিল উদ্দিন চৌধুরী। এরপর আদালত আগামী ১ জানুয়ারি পর্যন্ত মুলতবি হয়। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আদালতের কার্যক্রমের শুরুতেই মফিজ পশারী ১৯৭১ সালের ৮ মে পিরোজপুরের পাড়ের হাট এলাকার একটি ঘটনা তুলে ধরেন। “আমি এবং ইব্রাহিম কুট্টি নদীর চড়ে মহিষ চরাতে গিয়ে উত্তরদিকে ধোঁয়া এবং আগুন দেখি। এই সময় আমরা মানিক পশারীর বাড়ির গোয়ালঘরে চলে আসি।” মুক্তিযুদ্ধের সময় মফিজ এবং ইব্রাহিম দুজনেই মানিক পশারীর বাড়িতে কাজ করতেন, মানিক নিজেও এই মামলার সাক্ষী। “বাড়িতে এসে দেখি দেলু শিকদারের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকারদের একটি দল এদিকে আসছে। আমি ভয় পেয়ে কুট্টিকে বলি ‘ভাই চলো, পালাই’। তবে আমরা পালানোর সময় ধরা পড়ি। তখন দেলু শিকদার কুট্টির মাথার চুল ধরে তাকে টেনে নিয়ে যায়।” দেলু শিকদার, সিকান্দার শিকদার, দানেশ মোল্লা, মবিন এবং অন্যান্য রাজাকাররা পশারীদের বিভিন্ন আসবাবপত্র লুটপাটের পর ঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানান মফিজ। “এরপর আমাকে আর কুট্টিকে নিয়ে তারা পাড়ের হাট বাজারের কাছের সেতুতে নিয়ে যায়। কুট্টির কাছে মানিক পশারী এবং তার বাবা শহীদ পশারীর খোঁজ করে। কুট্টি কিছু জানেন না বললে দেলু শিকদার আর সেকেন্দার শিকদার উর্দুতে পাকিস্তানি সেনাদের কিছু কথা বলেন।” “এরপর কুট্টিকে সেতুর উপরে উঠানোর পর একটা গুলির শব্দ শুনতে পাই। কুট্টি ‘মা’ বলে চিৎকার দিয়ে ওঠে। পেছনে তাকিয়ে দেখি কুট্টিকে ওরা গুলি করে দিয়েছে। আমি ভয়ে থরথর করে কাঁপতে থাকি। দেখি পাকিস্তানি সেনারা কুট্টিকে লাথি মেরে খালে ফেলে দিচ্ছে।” তখনকার দেলু শিকদারই বর্তমানের সাঈদী বলে তিনি আদালতে থাকা জামায়াত নেতাকে দেখিয়ে বলেন। মফিজের বক্তব্য অনুযায়ী, এরপর তাকে রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন চালানো হয়। এই পর্যায়ে ক্ষতচিহ্ন দেখান তিনি। মফিজ জানান, এক রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে বেরিয়ে তিনি পালিয়ে যান সুন্দরবনের দিকে। বিজয়ের ৭/৮ দিন পর এলাকায় ফেরেন। জবানবন্দি শেষে আসামি পক্ষের আইনজীবী জানতে চান, মফিজ মুক্তিযোদ্ধা কি না। তখন মফিজ জানান, তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেননি। তবে সুন্দরবনে থাকার সময়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। “এই কারণে স্থানীয় সংসদ সদস্যের কাছে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি। পরে তিনি কী করেছেন জানি না।” গত কয়েকমাস ধরে সরকারি বয়স্কভাতা নেওয়ার কথাও জানান মফিজ। তবে সেইসঙ্গে তিনি বলেন, গরিব হওয়ায় সুবিধা আদায়ের কোনো উদ্দেশ্য থেকে তিনি সাক্ষ্য দিতে আসেননি। একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গঠিত এই ট্রাইব্যুনালে সাঈদীই প্রথম অভিযুক্ত। তার বিরুদ্ধে মানবতাবিরোধী ২০টি অপরাধের অভিযোগ তোলা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় জামায়াতের নায়েবে আমির সাঈদীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৮৪০ ঘ.