২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: মোন্তাজ এক দিনের রিমান্ডে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে এক দিনের পুলিশ হফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

নরসিংদী, ডিমেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে এক দিনের পুলিশ হফাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নরসিংদীর প্রধান বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন মোন্তাজ। লোকমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুনুর রশীদ মণ্ডল এরপর তাকে ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে বিচারক এক দিনের হেফাজত মঞ্জুর করেন। এ সময় মোন্তাজের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট এসএ হাদীসহ অন্য আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দেয়। নরসিংদী কোর্ট পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এ জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, “মোন্তাজ উদ্দিন ভূঁইয়া এ মামলার এজাহারভুক্ত আসামি। সে হত্যার পরিকল্পনাকারীদের একজন।” আদালত প্রাঙ্গণে মোন্তাজ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আমি যাতে নরসিংদী পৌর নির্বাচনে অংশ নিতে না পারি সে জন্য আমাকে আসামি করা হয়েছে।” গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। তার ভাই কামরুজ্জামান এ ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এজাহারে মোন্তাজের নাম রয়েছে ৪ নম্বরে। শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ নরসিংদীর মেয়রের শূন্য পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্রও দাখিল করেছিলেন। তবে স্বাক্ষরে অমিল থাকায় গত মঙ্গলবার তা বাতিল করে নির্বাচন কমিশন। লোকমান হত্যায় জড়িত সন্দেহে এর আগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৫৩৪ ঘ.