ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে আগামী ২ জানুয়ারি সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি।
বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল পদ্ধতি বাতিল এবং বাপেক্সের মাধ্যেমে সুনেত্র এবং রশিদপুরে গ্যাস উত্তোলনের দাবিতে মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিলো নাগরিক এই সংগঠন।
কমিটির নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে বের হয়ে গুলিস্থান-পল্টন হয়ে পুনরায় প্রেসক্লাবের পাশ দিয়ে সচিবালয়ের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়।
তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা এবং দুই দফা কাঁদানে গ্যাস ছোড়ে।
কমিটির সদস্য এবং সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ বিনা উস্কানিতে মিছিলে হামলা চালিয়েছে।”
লাঠিপেটায় মলয়, হাসান, আপন, সুমনা, মাসুদসহ ২৫ জন আহত হয়েছেন বলে জানান তিনি।
পুলিশের বাধার পর প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
কর্মসূচিতে বাধার প্রতিবাদে ২ জানুয়ারি বিক্ষোভের পাশাপাশি আন্দোলনের কর্মসূচি হিসেবে ১৭ জানুয়ারি দেশের সব বিদ্যুৎ কার্যালয়ের সামনে বিক্ষোভ হবে বলে জানান তিনি।
প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরুর আগে কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ কুইক রেন্টাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের সমালোচনা করে বলেন, “এই পদ্ধতির ফলে ব্যক্তিবিশেষের পকেটে কুইক মানি আসার সুযোগ হয়েছে।”
অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বিদ্যুৎ সঙ্কটের সাময়িক সমাধান হিসেবে কুইক রেন্টাল পদ্ধতির প্রচলন অর্থনীতির ওপর চাপ ফেলছে, যার ভুক্তভোগী সাধারণ মানুষ।
এদিকে ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের বিক্ষোভ করবে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার কর্মসূচিতে বাধার পরপরই এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নেতা জোনায়েদ সাকি।
এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঘেরাওয়ে বাধার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, হামলা করে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরআরডি/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24