২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ ট্রাইব্যুনালের বিচার স্বচ্ছ নয়: বিএনপি

প্রধান বিরোধী দল বিএনপি আবারো বলেছে, তারা যুদ্ধাপরাধের বিচার চাইলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রক্রিয়ায় বিচার চলছে তা স্বচ্ছ নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 08:53 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বের ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি আবারো বলেছে, তারা যুদ্ধাপরাধের বিচার চাইলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রক্রিয়ায় বিচার চলছে তা স্বচ্ছ নয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “সব সময় বলে আসছি, আমরা যুদ্ধাপরাধের বিচার চাই। তবে প্রথম থেকেই সরকার রাজনৈতিব উদ্দেশ্য নিয়ে এই বিচার শুরু করেছে। বর্তমানে যুুদ্ধাপরাধীর বিচার যে প্রক্রিয়ায় করা হচ্ছে তা স্বচ্ছ নয়।” “আমরা বার বার বলে আসছি, স্বচ্ছ প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীর বিচার করতে হবে”, যোগ করেন তিনি। এর আগে জাতীয়তাবাদী কৃষক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছর ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। জামায়াতের শীর্ষ পাঁচ নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিচার চলছে এ ট্রাইব্যুনালে। গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ এই ট্রাইব্যুনালের প্রতি অনাস্থা জানিয়ে এর কার্যক্রম বাতিলের দাবি জানান। অন্যদিকে ক্ষমতাসীন মহাজোট বলে আসছে, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপারাধীদের বাঁচাতে আন্দোলনে নেমেছেন। যুদ্ধাপরাধীর বিচার দ্রুত করার দাবিতে আওয়ামী লীগসহ মহাজোটের শরিকরা রাজধানীতে গণমিছিলের কর্মসূচিও ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকালে তারা সোহরাওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরস্তন’ এর সামনে সমাবেশ করবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল অভিযোগ করেন, “সরকার বিএনপিকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র করছে। নীল নকশার কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।” নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এই দাবিতে আমরা নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আমরা বিশ্বাস করি, চলমান আন্দোলন আরও বেগবান হবে। এই আন্দোলন সফল হবেই হবে।” অন্যদের মধ্যে কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, সহসভাপতি আবু তাহের, এ কে এম মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সম্পাদক তকদির হোসেন মো. জসিম এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৪৭ ঘ.