ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি পোড়ানো, ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মোট আটটি মামলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৮ জনকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও আনোয়ারুল হকের অবকাশকালীন বেঞ্চ বুধবার এ জামিন মঞ্জুর করে।
অভিযুক্তদের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন জানান, এসব মামলায় ৫৯ জনের মধ্যে ১৮ জনকে আগাম জামিন দেওয়া হয়েছে।
গত ১৮ই ডিসেম্বর রাজধানীতে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে আগতদের পুলিশ লাঠিপেটা করে বের করে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ঘটে। এতে একজন মারা যায়। সেদিন রাজধানীতে অন্তত আটটি গাড়িতে দেওয়া হয় আগুন।
ওই ঘটনায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক মীর শরাফত উল্লাহ সপু, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন আহমেদ টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আসামি করে ঢাকার পল্টন, রমনা, শাহবাগ ও বাড্ডা থানায় আটটি মামলা হয়।
আসামিদের পক্ষে হাই কোর্টে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও রফিকুল ইসলাম মিয়া।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এমকে রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/পিডি/১৯৫৮ ঘ.
bdnews24