ঢাকা, ডিসেম্বের ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারো বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তার দল নির্বাচনে অংশ নেবে না।
বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আন্দোলন করছি। চলমান এই আন্দোলনে দাবিটি রাষ্ট্রপতির কাছে তুলে ধরতেই আমরা সংলাপে যোগ দিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন চাই- এই দাবিটি আমরা রাষ্ট্রপতির কাছে বলে আসব।”
নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ আহ্বানের বিষয়ে ফখরুল বলেন, “সংবিধানে রাষ্ট্রপতি ক্ষমতা কী তা স্পষ্টভাবেই লেখা আছে। আমরা জানি না, এই সংলাপ রাষ্ট্রপতি স্বউদ্যোগে না সরকারের তথা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করছেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করা হলে তা কোনো উদ্দেশ্যে করা হচ্ছে- তা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে।”
“রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ পদ। আমরা চাই না তিনি (রাষ্ট্রপতি ) বির্তকিত হন”, বলেন ফখরুল।
নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আগামী ১১ জানুয়ারি প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে বসবেন। বিএনপি এরই মধ্যে জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি তুলে ধরতেই তারা সংলাপে যাবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “শুনেছি রাষ্ট্রপতি বলেছেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী তিনি (রাষ্ট্রপতি) সংলাপের উদ্যোগ নিয়েছেন। ওই অনুচ্ছেদ বলা আছে, সংখ্যাগরিষ্ট দলের প্রধানকে সরকার গঠনের আহ্বান জানানো এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া- এই দুটি নিয়োগের একক ক্ষমতা রাষ্ট্রপতির। অন্যসব নিয়োগে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমেই কেবল রাষ্ট্রপতি স্বাক্ষর করেন।”
আওয়ামী লীগ তাদের রূপকল্প-২০২১ বাস্তবায়নের জন্যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে অভিযোগ করে ফখরুল বলেন, তারা ভিন্ন লেবাসে একদলীয় শাসনের মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। এজন্য সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পূণর্বহালই রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র উপায়’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন খান।
সংগঠনের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের বিএনপির স্থায়ী কমিটির সদস্যর রফিকুল ইসলাম মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ রউফ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৯২৪ ঘ.
bdnews24