কুমিল্লা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদের শেষ নির্বাচনটি সুষ্ঠু নির্বাচনের আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
বুধবার কুমিল্লায় প্রার্থী ও বিশিষ্ট জনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, “নির্বাচনটিকে সুষ্ঠু করতে শুধু ইভিএম এবং সিসি ক্যামেরা নয়, যত ধরনের প্রযুক্তি আছে, তা আমরা ব্যবহার করবো।”
“অনেক অর্থ খরচ হয় হোক, আমরা একটি মডেল নির্বাচন করতে চাই,” বলেন সিইসি।
শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্র“য়ারিতে শেষ হবে। ৫ জানুয়ারি অনুষ্ঠেয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হবে বর্তমান কমিশনের অধীনে শেষ নির্বাচন।
কুমিল্লা টাউন হলে মতবিনিময় সভায় সিইসি প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান। প্রচারের সময় প্রার্থীদের সঙ্গে থাকা টাকাও জব্দ করার হুঁশিয়ারি দেন তিনি।
সিইসি বলেন, “জোর করে নির্বাচনের ফল পাল্টানোর অপচেষ্টা না করে আল্লাহর ওয়াস্তে জনগণের রায়কে প্রতিফলিত হওয়ার সুযোগ দিন।”
একদিন আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে অব্যাহতি পাওয়া মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ইভিএমের মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন।
তবে মতবিনিময় সভায় সাক্কু উপস্থিত ছিলেন না। মেয়র পদে আলোচিত অন্য দুই প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আফজল খান এবং জাতীয় পার্টি সমর্থিত এয়ার আহমেদ সেলিমও সভায় আসেননি।
রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেন, জেলা প্রশাসক রেজাউল আহসান, পুলিশ সুপার মোখলেসুর রহমানসহ কয়েকজন প্রার্থী অংশ নেন সভায়।
নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কয়েকজন প্রার্থী তাদের উদ্বেগের কথা জানান।
মেয়র প্রার্থী আনিসুর রহমান মিঠু নির্বাচনোত্তর নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সহিংসতা প্রতিরোধে ভোটগ্রহণের পরও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৭৫৩ ঘ.
bdnews24