ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে গত ১৮ ডিসেম্বর পুড়িয়ে মারা, গাড়ি পোড়ানো, ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মোট ছয়টি মামলায় বিএনপি নেতা ইলিয়াস আলীসহ ১১০ জনকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও আনোয়ারুল হকের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ জামিন মঞ্জুর করেন।
অভিযুক্তদের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, সবকটি মামলায় তারা আগাম জামিন পেয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীসহ ১১০ জনের বিরুদ্ধে সিলেটের সুরমা ও কোতোয়ালি থানায় দুইটি করে এবং শাহপরাণ ও জালালাবাদ থানায় একটি করে মামলা করে পুলিশ।
সুরমা থানায় দায়ের করা দুটি মামলার মধ্যে একটি হলো হত্যা মামলা। গাড়িতে আগুনের এক ব্যক্তি নিহত হওয়ায় এ মামলা করে পুলিশ।
গত ১৮ ডিসেম্বর রাজধানীতে বিএনিপর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে আগতদের পুলিশ লাঠিপেটা করে বের করে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ঘটে। এতে একজন মারা যায়। অন্তত আটটি গাড়িতে দেওয়া হয় আগুন।
ওই দিন সিলেট ও সিরাজগঞ্জেও দুটি বাসে আগুন দেওয়া হয়। সিলেটে আগুনে মারা যায় এক বাসযাত্রী।
অভিয্ক্তুদের পক্ষে হাই কোর্টে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার নাজমুল হুদা ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/পিডি/১৯১৫ ঘ.
bdnews24