ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ‘দুষ্টচক্র’ ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ সদর দপ্তরে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের পরিবহনখাত ও জন সাধারণের মাঝে বিআরটিএর ইমেজ ইতিবাচক নয়। দীর্ঘদিন ধরে একটি দুষ্টচক্র সরকারের এ সেবাসংস্থার ইমেজ নষ্ট করছে। এ চক্র ভেঙে দিতে হবে। প্রতিষ্ঠা করতে হবে নিয়মনীতি।”
সেবাগ্রহীতাদের আস্থা বাড়াতে প্রয়োজনে যে কোনো কঠিন সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিক হওয়ার জন্য বিআরটিএ কর্তৃপক্ষের প্রতি পরামর্শ দেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের বলেন, “যানজটে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। যে কোনো উপায়ে নগরবাসিকে স্বস্তি দিতে হবে। এজন্যে আর আশার ফুলঝুরি নয়, কাজে নেমে যেতে হবে। তা না হলে জনপ্রত্যাশা হতাশায় রূপ নেবে।”
বেহাল সড়ক নিয়ে ব্যাপক সমালোচনা এবং দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেম্বরের শেষ দিকে মন্ত্রিপরিষদে রদবদল আনেন। যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সৈয়দ আবুল হোসেনকে চলে যেতে হয় অন্য মন্ত্রণালয়ে। তার জায়গায় আসেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত ঘটে চলেছে প্রাণঘাতি দুর্ঘটনা। ওভারটেকিং, ওভারলোডিং এবং ওভারস্পিডের কারণেও ঘটছে দুর্ঘটনা। চালকদের ট্রাফিক আইন এবং এ সংক্রান্ত বিধি-বিধান মেনে চলতে হবে।”
বিআরটিএর ফিটনেস সনদসহ বিভিন্ন সেবা নিয়ে প্রায়ই পত্রিকায় নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, “অনিয়ম শক্ত হাতে দমন করা হবে। সরকারি চাকরি বদলিযোগ্য। নির্দিষ্ট সময় পর পর নিয়ম অনুযায়ী বদলি হতে হবে।”
দীর্ঘদিন ধরে যারা বিআরটিএর একই পদে কাজ করছেন তাদের ‘ডেস্কে’ পরিবর্তন আনারও নির্দেশনা দেন কাদের।
অন্যদের মধ্যে বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক সালেহ উদ্দীন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পেশাজীবী গাড়িচালকদের নিয়ে বিআরটিএর এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ২৫টি ব্যাচকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিব্যাচে ৫০ জন চালক তিন মাসের প্রশিক্ষণ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৫০৩ ঘ.
bdnews24