ঢাকা, ডিসেম্বের ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি তুলে ধরতেই বিএনপি রাষ্ট্রপতির সংলাপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের বলেন, “আন্দোলনের অংশ হিসেবে আমরা রাষ্ট্রপতির সংলাপে যোগ দিতে যাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আমাদের দাবির বিষয়গুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরবো। তার সঙ্গে কথা বলবো।”
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন।
এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। বিএনপির সঙ্গে তার বসার কথা আগামী ১১ জানুয়ারি।
রাষ্ট্রপতির এই উদ্যোগে বিএনপির অংশগ্রহণ নিয়ে শুরুতে খানিকটা অস্পষ্টতা থাকলেও সোমবার রাতে চার দলীয় জোটের বৈঠকের পর বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা রাষ্ট্রপতির সংলাপে যোগ দেবেন।
মঙ্গলবার তিনি বলেন, “তত্ত্বাধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এসব বিষয় আমরা রাষ্ট্রপতিকে জানিয়ে আসবো।”
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জন্য অনুসন্ধান কমিটি গঠনের যে প্রস্তাব দিয়েছে- সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ফখরুল বলেন, “আমরা মনে করি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত। তাই এ বিষয়টিই এখন মূখ্য।”
“তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে অনুসন্ধান কমিটি করে কিংবা অন্য কোনো চেষ্টা ফলপ্রসূ হবে না। জনগণের মধ্যেও তা আস্থার সৃষ্টি করবে না”, বলেন তিনি।
চার দলীয় জোট সম্প্রসারণের বিষয়ে ফখরুল বলেন, জোট স¤প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। কোন কোন দল জোটে আসছে তা ‘সময়মতো’ গণমাধ্যমকে জানানো হবে।
ভারপ্রাপ্ত মহাসচিব জানান, ৮ ও ৯ জানুয়ারি অভিমুখে রোডমার্চ শেষে খালেদা জিয়ার চট্টগ্রামের কোথায় জনসভা করবেন- তা এখনো ঠিক হয়নি। তার অভিযোগ, সরকার এক্ষেত্রে অসহযোগিতা করছে।
“চট্টগ্রামে রেলওয়ে মাঠ, পলো গ্রাউণ্ড মাঠের জন্য আবেদন করা হয়েছিলো। কোনটিই পাওয়া যায়নি। এখন বাকি আছে লালদীঘির ময়দান।
জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদুস তালুকদার দুলু, জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মুনির খান, সহসভাপতি বাবুল আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক সায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৫২৭ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স সংলাপে যাবে বিএনপি
ক্স আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপের চিঠি রাষ্ট্রপতির
bdnews24