২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটনেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটনেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। গুলশানে খালেদার কার্যালয়ে সোমবার রাত ৯টা ২৫ মিনিটে শুরু হওয়া বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও চট্টগ্রাম রোড মার্চ নিয়ে আলোচনা হওয়ার কথা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। তবে বৈঠকের আগে জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের নেতারা বলেন, জোট স¤প্রসারণ ও চার দলের লিয়াজোঁ কমিটি গঠনের বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে। খালেদা জিয়ার সভাপতিত্বে সোমবারের বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, যুগ্ম মহাসচিব মুফতি ফয়েজউল্লাহ, জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা শাহীনুর পাশা চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আছেন বৈঠকে। আগামী ৮ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে ঢাকা থেকে রোড মার্চ করবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বিএনপি। প্রয়াত জিয়াউর রহমানের এক সময়ের ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের গড়া নতুন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির চারদলীয় জোটে অন্তর্ভুক্তি নিয়ে চলতি মাসেই ঘোষণা আসবে বলে এর আগে বলেছিলেন অলি এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। চার দলের সর্বশেষ বৈঠক হয় গত ৮ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৩৮ ঘ.