ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বাড়ানো, গুপ্তহত্যা এবং বিরোধী দলকে কর্মসূচি পালন করতে না দেওয়ার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ করতে গিয়েও বিভিন্ন স্থানে বাধা পেয়েছে বিএনপি।
দলটি দাবি করেছে, সারাদেশে তাদের দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এবং ক্ষমতাসীন দলের কর্মীদের হামলায় আহত হয়েছে আড়াইশ’ জন।
ঢাকায় গত ১৯ ডিসেম্বর বিক্ষোভ এবং ২১ ডিসেম্বর গণমিছিল করতে না দেওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার জেলায় জেলায় বিক্ষোভের কর্মসূচি দিয়েছিলো বিএনপি।
সোমবার অনেক জেলায় শান্তিপূর্ণ মিছিল হলেও খুলনায় মিছিল করতে পারেনি বিএনপি নেতা-কর্মীরা। রাজশাহী, জয়পুরহাট, সিলেট, নেত্রকোনা, শেরপুর, গাইবান্ধা ও মাগুরায় পুলিশ মিছিলে লাঠিপেটা করেছে।
বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়েছে, বাধা দিয়েছে। আমরা সরকারের এ ধরনের ফ্যাসিস্ট আচরণের নিন্দা জানাই।”
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১৪ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া হামলায় আহতের সংখ্যা আড়াইশ’।
আহতদের মধ্যে জয়পুরহাটের সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট পৌরসভা ছাত্রদলের সভাপতি কাশেম মাহমুদও রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি জানান, বিকালে বিক্ষোভের কর্মসূচি থাকলেও দুপুর থেকে বিপুল পরিমাণ পুলিশ নগরীর কেডি ঘোষ রোডে বিএনপির কার্যালয় অবরুদ্ধ করে রাখে।
দীর্ঘসময় চেষ্টা করেও মিছিল করতে না পেরে বিকাল ৫টার দিকে দলের মহানগর ও জেলা নেতারা কার্যালয়ে ঢুকে পড়েন।
মিছিলে বাধার প্রতিবাদ জানিয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ মিছিল মিটিং করলে কোনো সমস্যা হয় না। অথচ বিএনপি মিছিল করতে গেলে প্রতিনিয়ত বাধা দেওয়া হচ্ছে। সরকারের এই আচরণ অগণতান্ত্রিক।”
এদিকে বিএনপিকে মিছিল করতে বাধা দেওয়ার কারণ ব্যাখ্যা করে খুলনা থানার ওসি এস এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে- এ আশঙ্কায় মিছিল-সমাবেশ করতে দেয়া হয়নি।”
জয়পুরহাট প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি জেলা শহরে মিছিল বের করলে পাচুর মোড়ে পুলিশ বাধা দেয়। তখন দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। তবে বাধা উপেক্ষা করেই মিছিল করে বিএনপি নেতা-কর্মীরা।
ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশের ধাক্কায় সংসদ সদস্য মোজাহার আলী প্রধান আহত হন বলে দাবি করেছেন শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলজার হোসেন। জয়পুরহাট হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
তবে সদর থানা ওসি আবু হেনা মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, মিছিলের সময় সংসদ সদস্য উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে দলীয় নেতা-কর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, দুপুর ২টার দিকে জেলা শহরের রেল স্টেশন এলাকায় বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। দুই পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ রাবার বুলেটও ছোড়ে। এতে জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খানসহ নয় জন আহত হন।
পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে বলে বিএনপি নেতারা দাবি করলেও সদর থানার ওসি আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, মিছিল থেকে ইট ছোড়ার পর পুলিশ তৎপর হয়।
নেত্রকোনা প্রতিনিধি জানান, দুপুরে দলীয় কার্যালয় থেকে বিএনপির মিছিল বের হলে পুলিশ লাঠিপেটা করে তা ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের হামলায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামসহ ১০ জন আহত হন। লাঠিপেটার প্রতিবাদ জানিয়ে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/আরএম/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24