২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় আব্দুর রাজ্জাক

সবার শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে মাটির কোলে শেষ ঠাঁই নিলেন আব্দুর রাজ্জাক। সকালে শরীয়তপুরে জানাজার পর বিকালে ঢাকার বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় মুক্তিযুদ্ধের এই সংগঠককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 10:23 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে দেশের মাটিতে শেষ ঠাঁই নিলেন আব্দুর রাজ্জাক, যে বাংলাদেশের স্বাধীনতার জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। গত শুক্রবার লন্ডনে মারা যাওয়ার পর সোমবার বিকালে ঢাকার বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় আওয়ামী লীগ নেতা রাজ্জাককে। ৬৯ বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি। সোমবার সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে রাজ্জাকের মরদেহ নেওয়া হয় তার বাড়ি শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায়, যেখান থেকে নির্বাচনে দাঁড়িয়ে কখনো হারেননি এই রাজনৈতিক নেতা। দুপুর আড়াইটায় ডামুড্ডা উপজেলা পরিষদের মাঠে জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। সকাল পৌনে ১১টায় মরদেহ ডামুড্ডায় পৌঁছলে শরীয়তপুর জেলা আওয়ামী, ডামুড্ডা উপজেলা আওয়ামী লীগ, শরীয়তপুর জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানায়। দুপুরের পর মরদেহ পুনরায় ঢাকায় আনা হয়। তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে একটি অ্যাম্বুলেন্সে করে বনানী কবরস্থানে নেওয়া হয় কফিন। বিকাল পৌনে ৪টার দিকে কবরস্থানের দ্বিতীয় ফটকের কাছে শেষ জানাজাটি হয়। পরে দ্বিতীয় ফটক থেকে ৫০ গজ ভেতরে কবরস্থানের মূল সড়কের পাশে কাঁঠাল গাছের তলায় রাষ্ট্রীয় মর্যাদায় রাজ্জাককে শুইয়ে দেওয়া হয় কবরে। ওই সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। কবর দেওয়ার পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কয়েক হাজার মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় প্রয়াত নেতার প্রতি। দাফনের পুরো সময়টাই সেখানে উপস্থিত রাজ্জাকের দুই ছেলে নাহিম রাজ্জাক এবং ফাহিম রাজ্জাক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুল জলিলসহ রাজনৈতিক সহযোদ্ধা- ও স্বজনদের চোখে ছিলো জল। দীর্ঘদিন রোগে ভুগে গত শুক্রবার লন্ডনে মৃত্যু হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজ্জাকের। তিনি যকৃত, বৃক্ক ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। স্ত্রী ফরিদা রাজ্জাক এবং দুই ছেলে রেখে গেছেন তিনি। তার একমাত্র মেয়ে তনিমা রাজ্জাক রুম্পা আট বছর বয়সে ১৯৮২ সালে ব্লাড ক্যান্সারে মারা যায়। রাজ্জাকের কবরের ঠিক পশ্চিম দিকে আনুমানিক ৪০ গজ দূরে রুম্পার কবর রয়েছে। এই মুক্তিযোদ্ধার মরদেহ রোববার লন্ডন থেকে ঢাকায় আনা হয়। জাতীয় সংসদ ভবন এবং জাতীয় ঈদগাহ ময়দানে দুটি জানাজার পর বিকালে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানায়। রাতে রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে। রোববার রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবনে জানাজার পর পুলিশের একটি দল মুক্তিযুদ্ধের এই সংগঠকের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়। মরদেহ দেশে আনার আগে শনিবার লন্ডনেও একটি জানাজা হয়েছিলো আব্দুর রাজ্জাকের। দেশে-বিদেশে শোকের প্রতিটি কর্মসূচিতে ছিলো দলমত নির্বিশেষে সবার উপস্থিতি। ১৯৪২ সালের ২ মে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে ইমাম উদ্দিন ও আখফাতুননেসার ঘরে জন্ম নেওয়া রাজ্জাকের রাজনীতিতে পদার্পণ ছাত্রজীবনেই। ডামুড্যা মুসলিম পাইলট হাইস্কুল থেকে ’৫৮ সালে মেট্রিক পাস করে ঢাকা কলেজে ভর্তি হন তিনি। ইন্টারমিডিয়েট পাসের পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। বাষট্টির শিক্ষা অন্দোলন, চৌষট্টির ছাত্র আন্দোলন, ছেষট্টির ৬ দফা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যূত্থান ৩০ বছর পেরোনোর আগেই রাজ্জাককে পরিণত করে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে। ছাত্রদের মধ্যে জনপ্রিয়তার জন্য ১৯৬৫-৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রয়াত এই নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ এমএ ডিগ্রি নেওয়ার পর এলএলবি ডিগ্রিও নেন তিনি। দুই বার ছাত্রলীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর ’৬৯ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান হন রাজ্জাক। মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর অন্যতম পুরোধাও ছিলেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ‘৭২ থেকে তিন বছর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন রাজ্জাক। বঙ্গবন্ধু বাকশাল গঠন করে রাজ্জাককেই দিয়েছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্ব। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিন বছর কারাগারে থাকতে হয়েছিলো আওয়ামী লীগের এই নেতাকে। তবে পরে সাধারণ সম্পাদক হিসেবে বিরূপ পরিস্থিতিতে দলকে দাঁড় করাতে আত্মনিয়োগ করেন তিনি। ১৯৮১ সালে সম্মেলনে মতানৈক্য নিয়ে আওয়ামী লীগ ছেড়েছিলেন রাজ্জাক। বাকশাল নিয়ে চলতে থাকেন তিনি। ’৯০ এর দশকে বাকশাল আওয়ামী লীগে একীভূত হলে দলের সভাপতিমণ্ডলীতে স্থান হয় এই নেতার। তারপর দীর্ঘ দিন দলের নীতি-নির্ধারকের দায়িত্ব পালনের পাশাপাশি শেখ হাসিনার গত সরকারে পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন রাজ্জাক। তার সময়েই ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের ভোট দিয়ে শুরু হয়ে রাজ্জাকের নির্বাচনী জয়যাত্রা। এরপর ২০০৮ পর্যন্ত যতবার ভোটের লড়াইয়ে নেমেছিলেন, একবারও তাতে ছেদ পড়েনি। আওয়ামী লীগের বর্তমান কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন রাজ্জাক। ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ’৯০ এর দশকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সূচিত আন্দোলনের সংগঠক এবং গণআদালতের অন্যতম উদ্যোক্তা ছিলেন রাজ্জাক। বাংলাদেশের শান্তি পরিষদের সভাপতির দায়িত্বও পালন করছিলেন তিনি। রাজ্জাকের রাজনৈতিক সহকর্মীরা বলেন, ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, রাজনৈতিক নেতা, যুদ্ধাপরাধের বিচার দাবির আন্দোলনের সংগঠক, মন্ত্রী- এসব পরিচয় ছাপিয়ে রাজ্জাকের চরিত্রের সবচেয়ে উজ্জ্বল বৈশিষ্ট্য ছিলো সব সময় গণমানুষের সঙ্গে থাকা। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ তাই বলেন, “আব্দুর রাজ্জাকের মতো দক্ষ রাজনৈতিক সংগঠক আর সৃষ্টি হবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/কিউএইচ/এমআই/১৮৪৬ ঘ.