২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি নিয়োগে আইন চায় ওয়ার্কার্স পার্টি

নতুন নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সংবিধান অনুযায়ী আইন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সংবিধান অনুযায়ী আইন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। নির্বাচন কমিশন গঠন নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সোমবার সকাল ১১টায় বঙ্গভবনে ওয়ার্কার্স পার্টির নেতাদের সঙ্গে বসেন। সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে দলটির আট সদস্যের প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেয়। স্বাগত বক্তব্যে রাষ্ট্রপতি তাদের জানান, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সবার মতামত নিতেই এ সংলাপ। সংলাপ শেষে বেলা ১২টায় মেনন সাংবাদিকদের বলেন, “সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনে একটি আইন প্রণয়নের কথা বলা হলেও গত ৪০ বছরে তা করা হয়নি। রাষ্ট্রপতিকে সংবিধানের আলোকে আইন প্রণয়নে গুরুত্বের বিষয়টি তুলে ধরেছি আমরা।” মেনন জানান, এ আইনের বিষয়ে বিদায়ী নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি খসড়া তৈরি করেছে। এই খসড়ায় সিইসি ও ইসি নিয়োগে একটি সার্চ কমিটি গঠনের কথা বলা হয়েছে। সেই সঙ্গে প্রধান বিচারপতিসহ অন্তত সাত সদস্যের একটি বাছাই কমিটি রাখার কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির এ সংলাপের উদ্যোগ ব্যর্থ হবে না বলেই মনে করেন ক্ষমতাসীন মহাজোটের এই শরিক নেতা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান বিরোধী দল বিএনপির সংলাপে আসা উচিত। তারা না এলে সংবিধান বসে থাকবে না।” সোমবার জাতীয় পার্টি- জেপির (আনোয়ার হোসেন মঞ্জু) প্রতিনিধি দলের সঙ্গেও সংলাপ করার কথা রয়েছে রাষ্ট্রপতির। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন। এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। প্রথম দিন তিনি জাতীয় পার্টি (এরশাদ) ও জাসদের মতামত শোনেন। নতুন নির্বাচন কমিশন নিয়োগে সাংবিধানিক পদের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন এবং একটি বিধিমালা প্রণয়ন করে তা অনুসরণের প্রস্তাব দিয়েছে এই দল দুটি। প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, রাষ্ট্রপতির আমন্ত্রণ পাওয়ার পরই তারা এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তবে রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রী নিজেই এ সংলাপের উদ্যোগ নিলে আরো ভালো হতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা সংলাপের এ উদ্যোগকে স্বাগত জানালেও এর সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৩১৪ ঘ.