ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলীয় জোটের শরিকদের নিয়ে বৈঠক ডেকেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক হবে।
দলটির শীর্ষ নেতারা জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং চট্টগ্রাম রোডমার্চ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এ বৈঠকে।
এর সঙ্গে জোট স¤প্রসারণ এবং চার দলের লিয়াজোঁ কমিটি গঠনের মতো বিষয়গুলোও আসতে পারে বরে জানিয়েছেন বিএনপির শরিক জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের নেতারা।
এছাড়া লিবারেল ডেমোক্রেটি পার্টি-এলডিপির অন্তর্ভুক্তির বিষয়টি নিয়েও চার দলের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত ১১ ডিসেম্বর এলডিপির সভাপতি অলি আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে। বৈঠকে চারদলীয় জোটে এলডিপির অন্তর্ভুক্তি ও সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী ৮ ও ৯ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করবেন খালেদা জিয়া। প্রথম দিন তিনি কুমিল্লা ও ফেনীতে পথসভা করবেন। পরদিন চট্টগ্রামে জনসভায় বক্তব্য রাখবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১২৫২ ঘ.
bdnews24