সিলেট, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সিলেটে বিএনপিকে মিছিল ও সমাবেশ করতে নিষেধ করেছে মহানগর পুলিশ।
রোববার সন্ধ্যায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুল গফ্ফারের কাছে পাঠানো এক চিঠিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
এদিকে এ নিষেধাজ্ঞার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
মহানগর পুলিশের উপ-কমিশনার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং গত ১৮ ডিসেম্বর বাসে আগুন দিয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে আইনশৃঙ্খলা রক্ষার্থে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ এবং শহরের কোথাও বিক্ষোভ করা যাবে না।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ জানান, কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য গত ২৩ ডিসেম্বর মহানগর পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছিল।
সন্ধ্যা ৭টায় মহানগর পুলিশ চিঠি দিয়ে কর্মসূচি পালন করতে নিষেধ করে।
তিনি বলেন, সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে পুলিশকে ব্যবহার করে বিরোধী দলের কর্মসূচি বানচালের চেষ্টা করছে।
এ ঘটনার প্রতিবাদে সকাল ১১টায় সংবাদ সম্মেলন আহ্বান করার কথাও তিনি নিশ্চিত করেন।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়–য়া জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপিকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.
bdnews24