২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একই বক্তব্যের’ জন্য আইন প্রতিমন্ত্রী ‘দুঃখিত’

যুদ্ধাপরাধ ও বিএনপি প্রসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ‘একই বক্তব্য’ দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ও বিএনপি প্রসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ‘একই বক্তব্য’ দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তার বক্তব্যের শুরুতে উল্লেখ করেন, সাংবাদিকরা তার বক্তব্যে ‘খুব প্রয়োজনীয় কোনো ম্যাটেরিয়াল পান না’। “কারণ প্রত্যেক প্রোগ্রামে একই কথা বলতে হয় তো, এ কারণে আপনাদের অসুবিধা হয়ে থাকতে পারে,” বলেন তিনি। এরপর তিনি বলেন, “যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করার মাধ্যমে দেশের রাজনীতিকে বিএনপি-জামায়াত জোট অস্থিতিশীল করার চেষ্টা করছে। “যখন থেকে যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে, তখন থেকেই বিএনপি-জামায়াত জোট তাদের যুদ্ধ ঘোষণা করেছে।” গত ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিরোধী দলই নাশকতার পরিকল্পনা করেছিলো অভিযোগ করে কামরুল বলেন, “গোয়েন্দা রিপোর্টে যাদের যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” বিএনপি জামায়াতকে একই গোত্রভুক্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “জামায়াতের গর্ভ থেকেই বিএনপির জন্ম হয়েছে।” বক্তব্যের এ পর্যায়ে প্রত্যেক অনুষ্ঠানে একই বক্তব্য দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের কাছে ‘দুঃখ প্রকাশ’ করেন আইন প্রতিমন্ত্রী। গত ১৮ ডিসেম্বর সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে আগতদের লাঠিপেটা করে বের করে দেয় পুলিশ। এরপর রাজধানীতে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমবাজি হলে মারা যায় একজন। অন্তত আটটি বাসে দেওয়া হয় আগুন। সিলেটেও একটি বাসে আগুন দেওয়া হলে এক যাত্রী পুড়ে মারা যায়। বিরোধী দল মামলা মোকাবেলা করতে ভয় পায় মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “মামলা মোকাবেলায় আপনাদের আপত্তির কারণ কী? আদালত ফেস করতে ভয় পান কেন?” স¤প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলা না দিয়ে বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে সরকারের প্রতি আহ্বান জানান। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের বিষয়ে সোমবার ট্রাইব্যুনাল সিদ্ধান্ত জানাবে বলে জানান কামরুল। যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপি ও জামায়াতে ইসলামীর সাত শীর্ষ নেতা যুদ্ধাপরাধী নয় বলে দাবি করে আসছে দল দুটি। যুদ্ধাপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ইতিমধ্যে জাতিসংঘেও অভিযোগ জানিয়েছেন বিএনপি ও চারদলীয় জোটপ্রধান খালেদা জিয়া। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ শিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/পিডি/২০১৮ ঘ.