ঢাকা, ডিসেম্বর ২৫ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপকে প্রশ্নবিদ্ধ করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তাদের কাছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালই বেশি গুরুত্বপূর্ণ।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আগে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নিন। এরপর নির্বাচন কমিশন গঠন করুন।”
“নির্বাচন কমিশন পুনর্গঠন যা-ই হোক না কেন, জনগণ আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে ফয়সালা চায়। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন হবে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান,” বলেন তিনি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর তত্ত্বাবধায়ক সরকার সরকার পদ্ধতি বিলোপ হয়েছে, ফলে আগামী নির্বাচন হবে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে। বিএনপি বলে আসছে, দলীয় সরকারের অর্ধনে নির্বাচনে যাবে না তারা।
নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে গয়েশ্বর বলেন, “নির্বাচন কমিশন নিয়ে সংলাপ করার ক্ষমতা রাষ্ট্রপতিকে সংবিধানে দেওয়া হয়নি। তারপরও তাকে দিয়ে সংলাপ করানো হচ্ছে। উদ্দেশ্য, একটি গৃহপালিত নির্বাচন কমিশন গঠন করা।”
গত বৃহস্পতিবার থেকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নির্বাচন কমিশন গঠনে দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন। প্রথম দিন বৈঠক হয় জাতীয় পার্টি ও জাসদের সঙ্গে।
অসুস্থতার জন্য বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের কয়েকটি কর্মসূচিতে রাষ্ট্রপতির অংশ না নেওয়ার বিষয়টি তুলে ধরে গয়েশ্বর রায় বলেন, “ওই সময়ে বলা হয়েছিলো, তিনি অসুস্থ। এরপর এখন তিনি সংলাপ করছেন। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতি তখন কেন জাতীয় অনুষ্ঠানে যাননি।”
সুশীল ফোরামের উদ্যোগে ‘বিজয়ের ৪০ বছর : জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি ’ শীর্ষক এই আলোচনা সভায় গয়েশ্বর ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. জাহিদ, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১৩ ঘ.
bdnews24