রংপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেট লংমার্চের পর এবার পানির ন্যায্য হিস্যা আদায়ে তিস্তা ব্যারেজ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
শনিবার দুপুরে রংপুর টাউন হলে এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তিস্তার পানি বণ্টন নিয়ে চুক্তির ওয়াদা করেও তা রক্ষা করেননি।”
“তিস্তা নদী এখন পানিশূন্য। এ অঞ্চলের মানুষকে বাঁচাতে জনমত সৃষ্টি করার লক্ষ্যে জানুয়ারি মাসের শেষ দিকে এই লং মার্চের সিদ্ধান্ত নেওয়া হয়েছে”, যোগ করেন তিনি।
গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়।
মনমোহন পরে বলেন, তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টি দুঃখজনক। বাংলাদেশের পক্ষ থেকেও বলা হয়েছিল, শিগগিরই এ চুক্তি হবে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “সরকার বলেছিলো ৩ মাসের মধ্যে পানি চুক্তি হবে। সেখানে ৬ মাস হয়ে গেলেও কোনো পদক্ষেপ লক্ষ্য করছি না। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করা না গেলে পুরো রংপুর বিভাগ মরুভূমি হয়ে যাবে।”
পানির হিস্যা আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সব দলকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
ক্ষমতাসীন আওয়ামী লীগের এই শরীক নেতা বলেন, “বর্তমান সরকার পানি চুক্তি করার চেষ্টা করছে। আর আমি জনমত গঠন করার চেষ্টা করছি । ভারত সরকার আর্ন্তজাতিক আইন লংঘন করে তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে আমাদের বঞ্চিত করছে।”
এ জন্য প্রয়োজনে আর্ন্তজাতিক আদালতে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বরাক নদীর টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদে চলতি মাসের শুরুতেই সিলেট অভিমুখে লংমার্চ করেন এরশাদ। তার দাবি, বাঁধ দেওয়ার আগে যৌথ জরিপের মাধ্যমে দেখাতে হবে যে, এই বাঁধ হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬৪৪ ঘ.
bdnews24