ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় কর্মসূচিতে বাধা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে শনিবার সারাদেশে থানায় থানায় বিক্ষোভ করবে প্রধান বিরোধী দল বিএনপি।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার সব থানাসহ সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে। মহানগরের সব থানায় কর্মসূচি পালনের জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আসা কর্মীদের লাঠিপেটা করে বের করে দেয় পুলিশ। এরপর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটে। ঢাকায় বিস্ফোরণে এক জন নিহত হয়। সিলেটে পুড়ে মারা যান এক বাসযাত্রী।
বিএনপির অভিযোগ, তাদের অনুষ্ঠান বানচালের উদ্দেশ্যে সরকার এসব করিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজধানী অচল করে দিতে সেদিন ঢাকার বাইরে থেকে বিপুল সংখ্যক লোক জমায়েত করার পরিকল্পনা করেছিল বিএনপি।
বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির ৭ হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে ইতোমধ্যে ১১টি মামলা করেছে পুলিশ।
এর প্রতিবাদে বিএনপি ১৮ ডিসেম্বর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং ২১ ডিসেম্বর গণমিছিল করতে চাইলে তাতেও বাধা দেয় পুলিশ। এই দুই দিন বিএনপি কার্যালয় কার্যত অবরুদ্ধ করে রাখে পুলিশ সদস্যরা।
সরকার বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়ে অধিকার হরণ করছে- এমন অভিযোগ এনে গত ২২ ডিসেম্বর নতুন করে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
এর অংশ হিসেবে শনিবার থানায় থানায় এবং ২৬ ডিসেম্বর জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১৩০ ঘ.
bdnews24