রংপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর জাতীয় পার্টির দুর্গ-মন্তব্য করে দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে রংপুরের কোনো আসন হাত ছাড়া হলে তার আত্মহত্যা করতে হবে।
শুক্রবার রাতে রংপুর সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ক্ষমতাসীন মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টির প্রধান এরশাদ বলেন, “আগামী নির্বাচনে রংপুরে আর একটা আসনও আমি হারাতে চাইনা। কারণ রংপুর জাপার দুর্গ-এটা আমার এলাকা। এখানে অন্য কাউকেই আর ভাগ বসাতে দেবো না।”
তিস্তা অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা উপলক্ষে ওই মতবিনিময় করেন এরশাদ।
সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, “জাতীয় পার্টির জাগরণ এসেছে। দুই নেত্রীকে বাদ দিয়ে দেশের জনগণ এখন আমাদের চাচ্ছে। তাই আমরা ঠিক করেছি আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।”
সিলেটে টিপাইমুখ অভিমুখে লংমার্চ সফল হয়েছে-দাবি করে তিনি বলেন, “জনগণ আমাদের আন্দোলনে সাড়া দিয়েছে। তারা আমাদের আরেকবার দেশ শাসনের ভার দিতে চায়। আমাদের প্রতি জনসমর্থন সারা দেশজুড়ে বাড়ছে। আগামীতে আমাদের আর ঠেকাতে পারবে না।”
বরাক নদীর টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ উদ্যোগের প্রতিবাদে ১০ ডিসেম্বর ঢাকা থেকে সিলেটের জকিগঞ্জ অভিমুখে লংমার্চ করে জাতীয় পার্টি।
দলীয় নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, “আর বিভেদ নয়। রংপুরকে শক্ত খুঁটির ওপর দাঁড় করাতে হবে।
“আমার জীবন থাকতে রংপুরকে কারো হাতে তুলে দেওয়া যাবে না। যদি হাতছাড়া হয় তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে।”
এর আগে তিনি রংপুর সার্কিট হাউজে পৌঁছালে রংপুর জেলা প্রশাসক বিএম এনামুল হকসহ দলের নেতাকর্মীরা এরশাদকে স্বাগত জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, পৌর মেয়র আব্দুর রউফ মানিক, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, দপ্তর সম্পাদক খুরশিদ আলম, যুব সংহতির জেলা সভাপতি ইয়াছির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/০০২৭ ঘ.
bdnews24