ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা না দিয়ে বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ১৮ ডিসেম্বর বোমাবাজির পর বিএনপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, মুক্তিযোদ্ধা সমাবেশকে বানচাল করতে সরকার ‘চতুরতার সঙ্গে সহিংস ঘটনা ঘটিয়ে’ বিএনপির ৭ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে।
“অতীতে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, আগরতলা মামলা দিয়েছিলো স্বৈরশাসক। কিন্তু তাকে কি ঠেকিয়ে রাখতে পেরেছিলো? তাই সরকারকে বলবো, মিথ্যা মামলা দিয়ে নয়, বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন,” বলেন তিনি।
শুক্রবার রাতে নয়া পল্টনে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে এক সভায় ফখরুল এ কথা বলেন।
বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, “সরকার বিদ্যুতের দাম দফায় দফায় বাড়িয়ে মানুষের দুর্ভোগ প্রকট করেছে। আওয়ামী লীগ সরকারে এলে এভাবে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।’’
খুচরা বিদ্যুতের দাম দুই দফায় ২১ শতাংশ বৃহস্পতিবার বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
ফখরুল অভিযোগ করেন, বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। মানুষের কর্মসংস্থান কমে গেছে। বেকারত্ব বেড়েছে।
গুপ্তহত্যা ও গুমের জন্য সরকারকে দায়ী করে বিএনপির মুখপাত্র বলেন, “১৯৭২-৭৫ সালেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এভাবে গুপ্তহত্যার শিকার হয়েছে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীরা। একই কায়দায় বর্তমান সরকারও গুম ও গুপ্তহত্যার মাধ্যমে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে দুনিয়া থেকে বিদায় করার পথ বেছে নিয়েছে।”
গুপ্তহত্যা থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরাতেই ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ ঘিরে সরকারের মদদে সহিংসতা ছড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
‘মন্ত্রী হতে চান তোফায়েল’
বিরোধী দলের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদের বক্তব্যের পাল্টা জবাব দেন ফখরুল।
তিনি বলেন, “মন্ত্রী পদ পাওয়ার আশায় তিনি (তোফায়েল আহমেদ) ইদানীং সরব হয়ে উঠেছেন। কিছুদিন আগেও তিনি সরকারের কঠোর সমালোচক ছিলেন। তোফায়েল সাহেবকে বলবো, সরকারের আর মাত্র ২ বছর সময় আছে। যতই পক্ষে কথা বলুন না কেন, সরকারের ভাবমূর্তি ফিরিয়ে আনা সম্ভবপর হবে না।”
সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের বক্তব্য শুনলে মনে হয়, মানুষের কোনো সমস্যা নেই্। একটাই সমস্যা যুদ্ধাপরাধীদের বিচারের সমস্যা। সরকার মিথ্যাচার করে জনগণকে প্রতারিত করছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১৪০ ঘ.
bdnews24