২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা কমার্স কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১১

খুলনা সরকারি আযম খান কমার্স কলেজে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

খুলনা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- খুলনা সরকারি আযম খান কমার্স কলেজে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১১ জন আহত হয়েছে। শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাস এবং নগরীর পিটিআই মোড়ে দু’দফা সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি যানবাহনে ভাংচুরও চালানো হয়। ছাত্রদলের মহানগর সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনসহ তাদের সাত নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটি দাবি করছে। ছাত্রলীগ দাবি করছে, ছাত্রদল নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। ছাত্রদল নেতা রাকিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীরা সকাল থেকে কলেজের সামনে বাবুখান রোডে সমবেত হয়। সকাল সাড়ে ১০টায় ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে ঢুকতে চাইলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা দা, হকিস্টিক ও কিরিচ নিয়ে ছাত্রদল নেতা রাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ প্রায় ২০ মিনিট সংঘর্ষ চলে। এর জেরে সকাল সোয়া ১১টায় নগরীর পিটিআই মোড়ে আবারো দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিপেটা করলে পুলিশকে লক্ষ্য করে ছাত্রদলের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। তাদের ইটপাটকেলে পুলিশের নায়েক আলমগীর, কনস্টেবল শাকিন, রহিম ও নজরুল এবং বাস চালক মকবুল আহত হন বলে সদর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান। এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদল নেতাকর্মীরা এ সময় তিন থেকে চারটি গাড়ি এবং পাঁচ থেকে ছয়টি ইজিবাইক ভাংচুর করে। তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড শট গানের ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। ছাত্রদলের মহানগর সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ছাত্রলীগের হামলায় তিনিসহ সাতজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন- রাকিব খান, বেল¬াল হোসেন, সোহাগ, মুজাহিদুল, প্রিন্স ও লুবিন। রাকিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছাত্রলীগ নগর শাখার সাধারণ সম্পাদক শেখ শাহজালাল সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদল নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে তাদের ওপর দুই দফা হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়াতে ছাত্রদল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৮৪৩ ঘ.