২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা নির্বাচন একক প্রার্থীর চেষ্টা আ. লীগের, নানা অভিযোগ সাক্কুসহ অন্যদের

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দুই বিদ্রোহী প্রার্থীকে সরাতে তাদের সঙ্গে শেষবারের মতো আলোচনার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

কুমিল্লা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দুই বিদ্রোহী প্রার্থীকে সরাতে তাদের সঙ্গে শেষবারের মতো আলোচনার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এদিকে বিএনপির সাবেক নেতা ও নাগরিক কমিটির ব্যানারে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু অভিযোগ করেছেন, পুলিশ তাকে হয়রানি করছে। অভিযোগ এসেছে, অন্য প্রার্থীর পক্ষ থেকেও। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদে আফজল খানকে সমর্থন দিয়েছে। তবে প্রার্থী হয়েছেন এই দলেরই নেতা নূর উর রহমান মাহমুদ তানিম ও আনিসুর রহমান মিঠু। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অন্য দুই প্রার্থীকে নির্বাচনী লড়াই থেকে সরাতে তাদের সঙ্গে পুনরায় আলোচনার সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন। কুমিল্লা জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মুস্তাফা কামালের (লোটাস কামাল) বাসায় ওই বৈঠকে আফজাল খানকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালানোর সিদ্ধান্ত হয় বলে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কুমিল্লার আওয়ামী লীগ নেতা ওমর ফারুক সাংবাদিকদের জানান। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কথা বলার জন্য মুস্তফা কামালসহ তিন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী সাক্কু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার প্রচারণায় বাধা দিচ্ছে পুলিশ। গণসংযোগ করতে গেলে তাকে পথের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। “আমি পুলিশকে অনুরোধ করি, আমার কোনো তৎপরতায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না, তা দেখেন। তা না দেখে আমাকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে বিব্রত করা ঠিক নয়,” বলেন তিনি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তানিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, তার কর্মীদের মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। অন্য বিদ্রোহী প্রার্থী মিঠু পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক-দুজন প্রার্থী যে কোনো ঝুঁকি নিতে পারে। প্রশাসনকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।” তবে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী এয়ার আহমেদ সেলিম আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে তিনি একইসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুমিল্লায় অনেক অবৈধ অস্ত্র আছে, এগুলো উদ্ধার করলে মানুষ শান্তিতে ভোট দিতে যেতে পারবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২৪০ ঘ.