ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় চতুর্থ সাক্ষী সুলতান আহমেদ হাওলাদারকে জেরা শেষ করেছে জামায়াতে ইসলামীর এই নেতার আইনজীবীরা।
এরপর আগামী মঙ্গলবার ২৭ ডিসেম্বর আদালত মামলার পরবর্তী সাক্ষীর বক্তব্য শুনবে।
বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৬০ বছর বয়সি সুলতানকে জেরা করেন সাঈদীর আইনজীবী মিজানুর ইসলাম, কফিলউদ্দিন চৌধুরী ও মঞ্জুর আহমেদ আনসারী।
পিরোজপুরের বাসিন্দা সুলতান গত বুধবার একাত্তরে সাঈদীর ‘যুদ্ধাপরাধের’ বিষয়ে তার দেখা ও জানা তথ্যগুলো তুলে ধরেছিলেন।
জেরার শুরুতেই সাঈদীর আইনজীবী মিজানুর ইসলাম প্রশ্ন করেন, সুলতান মুক্তিযোদ্ধা কি না। জবাবে সুলতান জানান, তিনি মুক্তিযুদ্ধে অংশ নেননি।
মুক্তিযোদ্ধা হিসেবে এখন তালিকাভুক্তির জন্য কোনো আবেদনও করেননি বলে জানান তিনি।
জেরার এক পর্যায়ে সুলতান জানান, তার নামে ‘কলা ক্ষেতে চুরি’র একটি মামলা হাইকোর্টে এবং বরিশাল আদালতে ‘ট্রলার চুরির’ দুটি মামলা বিচারাধীন। কলা চুরির মামলায় বিচারিক আদালতে সাজাও হয়েছিলো তার। তবে মামলা দুটি তাকে হেয় করতে এবং শত্র“তাবশত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
একাত্তরে নিহত ইব্রাহিম কুট্টির বাবা-মা-স্ত্রীর নাম আইনজীবী জানতে চাইলে ‘না’ সূচক উত্তর দেন সাক্ষী। সুলতান গত বুধবার ট্রাইব্যুনালে ইব্রাহিমকে হত্যার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন।
এরপর সুলতানকে পারের চর এবং পিরোজপুর এলাকার কয়েকজন রাজাকারের নাম শোনানো হয় এবং এদের চেনেন কি না জিজ্ঞেস করা হয়। এদের কয়েকজনকে সুলতান চিনতেন বলে আদালতকে জানায়।
এর আগে অন্য কোথাও সাঈদীর ‘যুদ্ধাপরাধের’ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন কি না- জানতে চাইলে সুলতান বলেন, “মামলার প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার পিরোজপুরে সাঈদীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন, সে মামলায় সাক্ষ্য দিয়েছিলাম। তবে ১৯৯২ সালে গণআদালত এবং ১৯৯৪ এর গণতদন্ত কমিশনে কোনো সাক্ষ্য দিইনি।”
সাঈদীর আইনজীবী কফিলউদ্দিন সুলতানের কাছে বিভিন্ন ঘটনার তারিখ জানতে চাইলে তিনি প্রত্যেকবারই বলেন, মনে নেই।
এক পর্যায়ে কফিল মন্তব্য করেন, “সাম্প্রতিক তারিখ মনে করতে পারেন না। আর ৪০ বছর আগের ঘটনার তারিখ বলতে পারেন। উনি (সুলতান) তো অসাধারণ মানুষ।”
এসময় প্রধান বিচারপতি নিজামুল হক আসামি পক্ষের আইনজীবীকে সাবধান করে বলেন, “সাক্ষীকে অসম্মান করার জন্য কোনো প্রশ্ন করবেন না।”
নামের সঙ্গে মিল থাকায় দেলাওয়ার হোসেন মল্লিক কিংবা দেলাওয়ার হোসাইন শিকদার নামে অন্য কোনো রাজাকারের কৃতকর্মের দায় সাঈদীর ওপর চাপানো হচ্ছে কি না- জানতে চাইলে সুলতান বলেন, “দেলাওয়ার হোসাইন শিকদারই বর্তমানে সাঈদী। আমি কারো শেখানো কথা বলছি না।”
তিনি জানান, কোনো ধরনের সুবিধা পাওয়ার আশায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন না তিনি।
সুলতানকে জেরা শেষ করে সাঈদীর আইনজীবীরা নিজেদের প্রস্তুতির জন্য পরবর্তী দুই সাক্ষীর নাম জানতে চাইলে তা জানানো হয়।
এর আগে সাঈদীকে ফিজিওথেরাপি দিয়ে সকাল পৌনে ১১টার সময় আদালতে আনা হয়। আইনজীবীর আবেদনে বুধবার আদালত সাঈদীকে ফিজিওথেরাপি দেওয়ার নির্দেশ দেয়।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনের বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে। মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের এই নায়েবে আমিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২০১০ ঘ.
bdnews24