ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন রাস্তা না বানিয়ে পুরোনো সড়ক সংস্কারের ওপর জোর দিচ্ছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “রাস্তা আপাতত বাড়ানোর উদ্যোগ নেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং বর্তমানে যা আছে তা রক্ষা করা আমাদের সামনে আশু কর্তব্য।”
বৃহস্পতিবার সড়ক ভবনে সব জেলার নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন নতুন এই মন্ত্রী।
প্রকৌশলীদের প্রতি তিনি বলেন, “পুরনো রাস্তার সংস্কার আগে করতে হবে। যে সব সড়কপথ একেবারেই ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে, সেগুলো আপাতত উপযোগী করুন। সংস্কার কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”
বিশ্ব অর্থনীতির মন্দা এবং বর্তমান সরকারের আর দুই বছর মেয়াদকালকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, তাই পরিস্থিতি মোকাবেলায় প্রকৌশলীদের আরো দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।
“স্ট্রং কো-অর্ডিনেশন প্রয়োজন এবং এজন্য প্রয়োজন কমিটমেন্ট এবং স্ট্রং কমনসেন্স। এ দুটো থাকলেই কেবল এই চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব,” বলেন তিনি।
সভার শুরুতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সড়ক উন্নয়নের জন্য ১৮০টি প্রকল্প গৃহীত হয়েছে। এ প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪১০ কোটি টাকা।
এই তহবিল যথাযথভাবে ব্যয়ের তাগিদ দেন মন্ত্রী। একইসঙ্গে প্রকৌশলীদের হুঁশিয়ার করে তিনি বলেন, “আমি কমিশন, পার্সেন্টেজ চাই না। আমার পকেট ভরার কোনো ইচ্ছা নেই। তবে আমি কাউকে জনগণের পকেট কাটতে দেবো না।”
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে চারলেনে উন্নীত করার কথা থাকলেও নানা জটিলতার কারণে তা আপাতত সম্ভবপর হচ্ছে না বলে জানান কাদের।
এ লাইনের দুটি লেনের কাজ শুরু হলেও বাকি দুটি লেনের ঠিকাদার কোম্পানির নথিপত্র ভুয়া বলে এই কাজ স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।
এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করে এবং তা এখনো অমীমাংসিত।
এ বিষয়টি অজানা ছিলো জানিয়ে কাদের বলেন, “কোম্পানির তরফ থেকে বলা হয়েছিলো, সরকার মামলা প্রত্যাহারের অনুরোধ করলে তারা প্রত্যাহার করবে। আমি এটা অবশ্যই করতাম, কিন্তু যখন দেখলাম তাদের কাগজপত্র ভুয়া, তখন তাদের অনুরোধ রক্ষার প্রতি বিবেক সায় দেয়নি।”
এ বিষয়টি আদালতে নিষ্পত্তি হবে এবং আপাতত এ কাজ মুলতবি রেখে বিকল্প উপায় বের করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৮১০ ঘ.
bdnews24