২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি

পুলিশি বাধায় দলের দুটি কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পর আবারও দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 08:10 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধায় দলের দুটি কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পর আবারও দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২৪ ডিসেম্বর থানা ও উপজেলায় এবং ২৬ ডিসেম্বর জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভয়ংকর প্রতিহিংসায় সরকার দানবে পরিণত হয়েছে। বিরোধী দলকে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। আমরা প্রত্যাশা করব, সরকার দমনীতির পথ থেকে সরে আসবে।” তা না হলে যে কোনো অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির দায় সরকারের ওপরই বর্তাবে বলে হুঁশিয়ার করেন ফখরুল। বিজয় দিবসের দিন থেকে বিরোধী দলের কর্মসূচির ব্যাপারে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখতে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। ১৪৪ ধারা জারি করা না হলেও বুধবার আমাদের শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি হতে দেয়নি পুলিশ।” বুধবার দুপুরে বিএনপি কার্যালয়ের সামনে ‘গণমিছিল’ শুরুর কথা থাকলেও পুলিশ সকাল থেকেই বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রাখে। সামনে বসানো হয় তিন স্তরের পুলিশ বেষ্টনী। বিকেলে ১৫-২০ জন নেতা পুলিশ বেষ্টনী ভেঙে মিছিল নিয়ে কার্যালয় থেকে বের হলেও ১০০ গজ দূরে গিয়ে পুলিশের বাধার মুখে সড়কে বসে পড়েন তারা। বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশে পুলিশের হামলার অভিযোগে বিএনপি নেতাকর্মীরা গত ১৯ ডিসেম্বর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। মির্জা ফখরুল বলেন, “গণবিচ্ছিন্ন সরকারের উদ্দেশ্য একটাই। জনগণের দৃষ্টি অন্যত্র ফিরিয়ে নিতে সরকার বিরোধী দলের ওপর দমন পীড়ন চালাচ্ছে। বিরোধী দলকে ভিন্নভাবে তারা (সরকার) চিত্রায়িত করার অপচেষ্টা করছে।” ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, “গণমিছিলে পুলিশ বাধা দিলেও ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব সংগঠন পুলিশি ছত্রছায়ায় মিছিল করেছে। আমাদের কাছে অভিযোগ এসেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের পোশাক পরিধান করে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির মিছিলে হামলা চালিয়েছে।” গত কয়েক দিনে দল ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়ার দাবি জানান ফখরুল। অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, এ বি এম মোশাররফ হোসেন, মাহবুবুল হক নান্নু, মহানগর যুগ্ম আহবায়ক আবু সাঈদ খান খোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, কাইয়ুম চৌধুরী, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৪০৩ ঘ.