২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সংলাপ ইসি নিয়োগে বিধিমালার প্রস্তাব জাসদের

নতুন নির্বাচন কমিশন নিয়োগে একটি বিধিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), যাতে সব দলের সাংসদদেরও অংশগ্রহণ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 07:50 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন নিয়োগে একটি বিধিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), যাতে সব দলের সাংসদদেরও অংশগ্রহণ থাকবে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এই প্রস্তাব দেয়। এর আগে জাতীয় পার্টির বক্তব্য শোনার মধ্য দিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এই সংলাপ শুরু হয়। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন। সংলাপ শেষে জাসদ সভাপতি ইনু সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন কমিশনার নিয়োগে একটি বিধিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছি। এর আওতায় তিন স্তরে বাছাই শেষে রাষ্ট্রপতি নতুন ইসি নিয়োগ দেবেন।” প্রস্তাবের ব্যাখ্যায় ইনু বলেন, এই বিধিমালার আওতায় একটি ‘মনোনয়ন কমিটি’ করা হবে, যার সদস্য হবেন বিভিন্ন সাংবিধানিক পদের সাবেক ও বর্তমান সদস্য এবং দেশের জ্যেষ্ঠ ব্যক্তিরা। তারা নির্বাচন কমিশনারের প্রতিটি পদের বিপরীতে তিনজনের নাম প্রস্তাব করে সর্বদলীয় সংসদীয় বাছাই কমিটিতে পাঠাবেন। দ্বিতীয় স্তরে সর্বদলীয় সংসদীয় বাছাই কমিটি সেই তালিকা কাটছাঁট করে রাষ্ট্রপতির কাছে সংক্ষিপ্ত তালিকা পাঠাবে। আর শেষ স্তরে রাষ্ট্রপতি সেই তালিকা থেকে চূড়ান্তভাবে ইসি নিয়োগ দেবেন। ইনু বলেন, “রাষ্ট্রপতি আমাদের কাছে সুনির্দিষ্ট নামের তালিকা চেয়েছেন। আমরা বলেছি, দু’এক দিনের মধ্যে তালিকা পাঠিয়ে দেওয়া হবে।” অন্যদের মধ্যে জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বীয়া, মইনুদ্দীন খান বাদল, শিরীন আখতার এই সংলাপে অংশ নেন। এর আগে বেলা ১১টায় এইচ এম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ১৫ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়। সংলাপ শেষে এরশাদ সাংবাদিকদের জানান, তারা নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করার প্রস্তাব দিয়েছেন। প্রধান বিচারপতি, পিএসসি চেয়ারম্যান, মহা হিসাব নিরিক্ষকের মতো সাংবিধানিক পদগুলোতে থাকা ব্যক্তিদের নিয়ে এই সার্চ কমিটি করা যেতে পারে বলে মত দেন এরশাদ। এই সংলাপের অংশ হিসেবে ধাপে ধাপে সংসদে প্রতিনিধিত্বকারী অন্য দলগুলোর সঙ্গেও বসবেন রাষ্ট্রপতি। বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার সংলাপের এ উদ্যোগকে স্বাগত জানালেও এর সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত প্রস্তাবিত খসড়া নিয়ে এর আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিলো বর্তমান ইসি। তাতে বিরোধী দলের অংশ না নেওয়ার বিষয়টি ধরেই যে তার এই সংশয়, তা স্পষ্ট। নির্বাচন কমিশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে বর্তমান নির্বাচন কমিশন একটি আইনেরও প্রস্তাব করেছিলো গত তত্ত্বাবধায়ক সরকারের কাছে। বর্তমান সরকারের কাছেও সেই খসড়া দেওয়া হবে বলে জানিয়ে আসছে তারা। বর্তমান নির্বাচন কমিশনে সদস্য সংখ্যা তিন হলেও পঞ্চদশ সংবিধান সংশোধনে সিইসিসহ সর্বোচ্চ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। এর আগে সর্বোচ্চ কত সদস্যের ইসি থাকতে পারবে, সে বিষয়ে কোনো নির্দেশনা ছিলো না। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ১৯ জন নির্বাচন কমিশনার ও ১০ জন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৩৪০ ঘ.