সিলেট, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কার ছাড়া রেলে যাত্রী সেবার মানোন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংস্কারের জন্য বিদেশের সাহায্যের দিকে তাকিয়ে থাকা নয়, নিজস্ব সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে রেলের গতি আনা হবে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে রেল কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, “সংস্কার ছাড়া রেলের যাত্রী সেবার মান উন্নয়ন সম্ভব নয়। তবে চাইলেই রাতারাতি রেল যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা যাবে না।
“রেলকে যুগোপযোগী ও আধুনিকায়ন করতে হলে বিদেশের সহায়তা প্রয়োজন। কিন্তু আমরা শুধু বিদেশের দিকে চেয়ে থাকবো না। আমাদের নিজস্ব যে সম্পদ আছে তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমেই রেলে গতি আনবো।”
তিনি বলেন, রেল যোগাযোগ বাড়ানোর জন্য শুধু নতুন রেল লাইন স্থাপন করলেই হবে না। নতুন রুটে রেল চালাতে হলে ইঞ্জিন, বগি, সিগন্যাল ও জনবলসহ আনুষঙ্গিক অনেক কিছুর প্রয়োজন।
“এজন্য চট্টগ্রামের পাহাড়তলির রেল কারখানা আধুনিকায়ন করা হবে। এখান থেকে পুরনো ইঞ্জিন এবং বগি মেরামত ও সংস্কার করে যাত্রী সেবা নিশ্চিত করা হবে,” বলেন তিনি।
সুরঞ্জিত জানান, সারাদেশে আন্তঃনগর ট্রেন সময়মতো চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লোকাল ও মেইল ট্রেনের যাত্রীদের দুর্ভোগ কমাতে নতুন করে সময়সূচি নির্ধারণ করা হবে।
সিলেট-ঢাকা রেল লাইন ‘ডাবল লাইনে’ উন্নীত করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকা থেকে ভৈরব পর্যন্ত ডাবল লাইন চালু আছে। এখন সিলেট থেকে ভৈরব পর্যন্ত ডাবল লাইন করা হবে।
মন্ত্রী জানান, ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-জয়দেবপুর রুটে ‘কমিউটার ট্রেন’ চালুর চিন্তাভাবনা চলছে। এ ট্রেন চালু করা গেলে ঢাকার যানজট কমার পাশাপাশি যাত্রী সেবার মানও বাড়বে।
সিলেটের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের সব আঞ্চলিক স্টেশন সংস্কার করে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনা হবে। বন্ধ স্টেশনগুলো চালু করা হবে। সিলেট-ছাতক রুটে আগামী জানুয়ারি থেকে নতুন এক জোড়া ও এপ্রিলে আরো এক জোড়া ট্রেন চালু করা হবে।
এ সময় লোকাল ট্রেনের গতি বাড়ানো ও স্টেশনের পরিচ্ছন্নতার জন্য কার্যকর উদ্যোগ নিতে মন্ত্রী রেল কর্মকর্তাদের নির্দেশ দেন।
এছাড়া অনলাইনে টিকেট বিক্রি ও সিলেট নগর ভবনে টিকেট কাউন্টার চালুরও ঘোষণা দেন তিনি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সংসদ সদস্য এম এ মান্নান, মাহমুদ উস সামাদ কয়েস, মুহিবুর রহমান মানিক, রেল সচিব ফজলে কবির ও রেলের মহাপরিচালক প্রকৌশলী আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৯৩৮ ঘ.
bdnews24