ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন নিয়োগে সাংবিধানিক পদের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন এবং একটি বিধিমালা প্রণয়ন করে তা অনুসরণের প্রস্তাব দিয়েছে মহাজোট সরকারের অন্যতম দুই শরীক জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বৃহস্পতিবার বঙ্গভবনে এ দুটি দলের বক্তব্য শোনার মধ্য দিয়ে ইসি গঠনে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন।
বেলা ১১টায় এএইচ এম এরশাদের নেতৃত্বে বঙ্গভবনে আসে জাতীয় পার্টির ১৫ সদস্যের প্রতিনিধি দল। এরপর ১২টায় হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদের ১২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বসেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
সংলাপের স্বাগত বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। জাতীয় পার্টির পক্ষ থেকে আলোচনায় বলা হয়, নতুন নির্বাচন কমিশন নিয়োগে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান পদে কর্মরত ব্যক্তিদের নিয়ে একটি অনুসন্ধান কমিটি করা যেতে পারে। অন্যদিকে জাসদ বলেছে, সংবিধানের ১১৮ ধারা অনুযায়ী, নির্বাচন কমিশন গঠনে একটি বিধিমালা প্রণয়ন করা উচিৎ।
তবে রাষ্ট্রপতির পক্ষ থেকে কমিশনার নিয়োগের জন্য সুনির্দিষ্ট নাম চাওয়া হলে দুই দলই জানিয়েছে, এ ব্যাপারে তারা লিখিত প্রস্তাব পাঠাবে।
এই সংলাপের অংশ হিসেবে ধাপে ধাপে সংসদে প্রতিনিধিত্বকারী অন্য দলগুলোর সঙ্গেও বসবেন রাষ্ট্রপতি। ইতোমধ্যে ছয়টি দল ইতোমধ্যে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেয়েছে বলে জানা গেছে।
প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, রাষ্ট্রপতির আমন্ত্রণ পাওয়ার পরই তারা এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তবে রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রী নিজেই এ সংলাপের উদ্যোগ নিলে আরো ভালো হতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা সংলাপের এ উদ্যোগকে স্বাগত জানালেও এর সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত প্রস্তাবিত খসড়া নিয়ে এর আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিলো বর্তমান ইসি। তাতে বিরোধী দলের অংশ না নেওয়ার বিষয়টি ধরেই যে তার এই সংশয়, তা স্পষ্ট।
নির্বাচন কমিশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে বর্তমান নির্বাচন কমিশন একটি আইনেরও প্রস্তাব করেছিলো গত তত্ত্বাবধায়ক সরকারের কাছে। বর্তমান সরকারের কাছেও সেই খসড়া দেওয়া হবে বলে জানিয়ে আসছে তারা।
সার্চ কমিটি
জাতীয় পার্টির সঙ্গে সংলাপে স্বাগত বক্তব্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, “আপনারা জানেন, সংবিধানে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু আমি দেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চাই। আপনারা সুবিবেচনাপ্রসূত মতামত দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
প্রায় এক ঘণ্টা সংলাপ শেষে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বঙ্গভবনের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “সংলাপে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি অনুসন্ধান (সার্চ) কমিটি করার প্রস্তাব দিয়েছি। আমাদের মৌখিক প্রস্তাব রাষ্ট্রপতির শুনেছেন। আমরা দুই একদিনের মধ্যে লিখিতভাবে প্রস্তাব জানাবো।”
প্রধান বিচারপতি, পিএসসি চেয়ারম্যান ও মহা-হিসাব নিরীক্ষকের মতো সাংবিধানিক পদগুলোতে থাকা ব্যক্তিদের নিয়ে এই সার্চ কমিটি করা যেতে পারে বলেও মত দেন তিনি।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের মতামত নেওয়ার উদ্যোগ এটাই প্রথম। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই।
বিরোধী দল শেষ পর্যন্ত না এলে রাষ্ট্রপতির সংলাপ ফলপ্রসূ হবে কি না জানতে চাইলে এরশাদ বলেন, “দেশ তো কারো জন্য বসে থাকবে না। নির্বাচন কমিশন গঠনও হবে, নির্বাচনও হবে।”
মৌখিকভাবে সংলাপে তুলে ধরা জাতীয় পার্টির প্রস্তাবগুলো লিখিত আকারে শিগগিরই বঙ্গভবনে পাঠানো হবে, তিনি জানান।
জাতীয় পার্টির নেতাদের মধ্যে দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার, কাজী জাফর আহম্মেদ, আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের, ফজলে রাব্বী চৌধুরী, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু এ সংলাপে অংশ নেন।
ইসি নিয়োগে বিধিমালা
এরশাদের দলের সঙ্গে সংলাপের পর রাষ্ট্রপতি বেলা ১২টায় জাসদ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। জাসদ নতুন নির্বাচন কমিশন নিয়োগে একটি বিধিমালা প্রণয়নের প্রস্তাব দেয়, যাতে সব দলের সাংসদদেরও অংশগ্রহণ থাকবে।
প্রায় ৪০ মিনিট সংলাপ শেষে জাসদ সভাপতি ইনু সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন কমিশনার নিয়োগে একটি বিধিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছি। এর আওতায় তিন স্তরে বাছাই শেষে রাষ্ট্রপতি নতুন ইসি নিয়োগ দেবেন।”
প্রস্তাবের ব্যাখ্যায় ইনু বলেন, এই বিধিমালার আওতায় একটি ‘মনোনয়ন কমিটি’ করা হবে, যার সদস্য হবেন বিভিন্ন সাংবিধানিক পদের সাবেক ও বর্তমান সদস্য এবং দেশের জ্যেষ্ঠ ব্যক্তিরা। তারা নির্বাচন কমিশনের প্রতিটি পদের বিপরীতে তিনজনের নাম প্রস্তাব করে সর্বদলীয় সংসদীয় বাছাই কমিটিতে পাঠাবেন।
দ্বিতীয় স্তরে ‘সর্বদলীয় সংসদীয় বাছাই কমিটি’ সেই তালিকা কাটছাঁট করে রাষ্ট্রপতির কাছে সংক্ষিপ্ত তালিকা পাঠাবে। রাষ্ট্রপতি শেষ স্তরে সেই তালিকা থেকে চূড়ান্তভাবে ইসি নিয়োগ দেবেন।
ইনু বলেন, “রাষ্ট্রপতি আমাদের কাছে সুনির্দিষ্ট নামের তালিকা চেয়েছেন। আমরা বলেছি, দু’এক দিনের মধ্যে তালিকা পাঠিয়ে দেওয়া হবে।”
বর্তমান কমিশনের কোনো সদস্য নতুন কমিশনেও নিয়োগ পেতে পারেন- গণমাধ্যমে আসা এমন একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে জাসদ সভাপতি বলেন, নতুনদের নিয়েই নতুন কমিশন গঠন করা উচিৎ বলে তার দল মনে করে।
অন্যদের মধ্যে জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বীয়া, মইনুদ্দীন খান বাদল ও শিরীন আখতার এই সংলাপে অংশ নেন।
বর্তমান নির্বাচন কমিশনে সদস্য সংখ্যা তিন হলেও পঞ্চদশ সংবিধান সংশোধনে সিইসিসহ সর্বোচ্চ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। এর আগে সর্বোচ্চ কত সদস্যের ইসি থাকতে পারবে, সে বিষয়ে কোনো নির্দেশনা ছিলো না। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ১৯ জন নির্বাচন কমিশনার ও ১০ জন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭০৩
bdnews24