২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণ-ধর্মান্তর-হত্যাকাণ্ড সবই করতো সাঈদী’

মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর এই নেতার অপকীর্তির কথা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন সাক্ষী সুলতান আহমেদ হাওলাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী হত্যার পাশাপাশি হিন্দু নারীদের ধর্ষণ এবং জোর করে ধর্মান্তরের পাশাপাশি হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন বলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন সাক্ষী সুলতান আহমেদ হাওলাদার। পিরোজপুরের বাসিন্দা ৬০ বছর বয়সি সুলতান বুধবার সাঈদীর মামলার চতুর্থ সাক্ষী হিসেবে একাত্তরে তার দেখা ও জানা ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানান। একাত্তরে পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ মানবতাবিরোধী ২০টি অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিচার চলছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে বুধবার সাঈদীর বিরুদ্ধে মামলার তৃতীয় সাক্ষী মো. মিজানুর রহমান তালুকদারকে আসামি পক্ষের জেরা করার পর জবানবন্দি দিতে শুরু করেন সুলতান। সুলতানের বক্তব্য শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালকে জানায়, তাকে জেরা শুরুর জন্য তৈরি নয় তারা। বিচারপতি নিজামুল হক তাদের আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার সুলতানকে জেরা শুরু করার দিন ঠিক করেছেন। সুলতান বলেন, ১৯৭১ সালের মে মাসের শুরুর দিকে পিরোজপুরের পারেরহাটে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের আসতে দেখেন তিনি। ওই সময় পাকিস্তানি বাহিনী রাজাকারদের সহযোগিতায় হত্যা ও লুটপাট চালায়। এতে নেতৃত্ব দেন দেলাওয়ার হোসাইন শিকদার, যাকে এখন সবাই দেলাওয়ার হোসাইন সাঈদী নামে চেনে। একদিনের ঘটনার বর্ণনা দিয়ে সাক্ষী বলেন, “পারের হাটে ফিরে দেখি, সেখানে সেকান্দার শিকদার, দানেশ আলী মোল্লা ও দেলাওয়ার হোসাইন শিকদার, মোসলেম মাওলানাসহ আরো কয়েকজনের নেতৃত্বে শান্তি কমিটি গঠন করা হয়েছে। পরে দেলাওয়ারের নেতৃত্বে বিভিন্ন মাদ্রাসা ছাত্র, জামায়াতে ইসলামীর কর্মী ও স্বাধীনতাবিরোধীদের নিয়ে এলাকায় রাজাকার বাহিনী গঠন করা হয় জানিয়ে সুলতান বলেন, তারা পারের হাট বাজারের পূর্ব দিকে ফকির দাসের দালান দখল করে রাজাকার ক্যাম্প বসিয়েছিলো। “৮ মে রাত প্রায় আড়াইটার সময় আমার বাড়ির পশ্চিমদিকের মানিক কসাইয়ের বাড়িতে কান্নাকাটি শুনতে পাই ও আগুনের শিখা দেখতে পাই। এগিয়ে দেখি, মানিকের বাড়ির সঙ্গে নুরুল ইসলাম খান, রইচ উদ্দিনেরসহ প্রায় ১৫ থেকে ২০টি বাড়ি আগুনে পুড়ছে। বাড়ির আরো কাছে গিয়ে দেখি, দেলাওয়ার হোসাইন শিকদার (সাঈদী) মানিকের ফুফাতো ভাই মফিজ এবং দোকান কর্মচারী ইব্রাহিমকে দড়ি দিয়ে বেঁধে বাজারের দিকে রওনা হয়েছে,” বলেন তিনি। সুলতান বলেন, “থানার হাট পর্যন্ত গিয়ে দেলাওয়ার হোসাইন শিকদারকে পাক সেনাদের সঙ্গে কিছু বলাবলি করতে দেখি। এরপর একটি গুলির আওয়াজ এবং মানুষের আর্তনাদ শুনতে পাই। পরদিন শুনি, দোকান কর্মচারী ইব্রাহিমকে গুলি করে পানিতে ফেলে দেওয়া হয়েছে।” সাক্ষী বলেন, সাঈদী ও মোসলেম মাওলানা নিয়মিতভাবে দীপক সাহার মেয়ে ভানু সাহাকে ধর্ষণ করতো। দীপক সাহা এবং তার ছেলেকে জোর করে মুসলমান বানিয়ে মসজিদে নামাজ পড়তেও বাধ্য করা হয়েছিলো। এই পরিবারটি পরে ভারতে গিয়ে আর ফেরেনি বলে জানান সুলতান। “এ রকম আরো অনেক ধর্ষিতা দেশ ছেড়ে চলে গেছেন,” বলেন তিনি। সাঈদীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে পারের হাট এলাকায় নিরপরাধ মানুষদের হত্যা, হিন্দু নারীদের ধর্ষণ, নারীদের পাক বাহিনীর কাছে তুলে দেওয়া এবং জোর করে হিন্দু ধর্মালম্বীদের মুসলমান বানিয়ে মসজিদে যেতে বাধ্য করা হতো বলে সুলতান সাক্ষ্যে জানান। সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পক্ষের জেরার পর্যায় এলে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম কাঠগড়ায় উপস্থিত আসামিকে দেখিয়ে আদালতে বলেন, “সাঈদী অসুস্থ। এতো দীর্ঘ সময় তার পক্ষে আদালতে অবস্থান করা কঠিন। তার ফিজিওথেরাপি প্রয়োজন।” ট্রাইব্যুনাল তখন বলে, সাঈদী বৃহস্পতিবার সকালে ফিজিওথেরাপি নিতে পারেন। ওই সময় তিনি উপস্থিত না থাকলেও আদালতের কার্যক্রম চলবে। ফিজিওথেরাপি শেষে তাকে আদালতে হাজির হতে হবে। একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো। এই ট্রাইব্যুনালে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের এই নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া। এছাড়া দলটির সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধেও অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। যুদ্ধাপরাধের মামলায় এই পর্যন্ত দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/এমআই/২১১৪ ঘ.