২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর যুদ্ধাপরাধের বিবরণ দিলেন চতুর্থ সাক্ষী

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় চতুর্থ সাক্ষী সুলতান আহমেদ হাওলাদারের বক্তব্য উপস্থাপন শেষে তাকে জেরার জন্য বৃহস্পতিবার দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 08:49 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় চতুর্থ সাক্ষী সুলতান আহমেদ হাওলাদারের বক্তব্য উপস্থাপন শেষে তাকে জেরার জন্য বৃহস্পতিবার দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে মামলার তৃতীয় সাক্ষী মো. মিজানুর রহমান তালুকদারকে জেরা শুরু করেন সাঈদীর আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারী। তার জেরা শেষ হলে জবানবন্দি দিতে শুরু করেন সুলতান আহমেদ হাওলাদার। তিনি ট্রাইব্যুনালকে জানান, ১৯৭১ সালের মে মাসের শুরুর দিকে পিরোজপুরের পাড়েরহাটে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের আসতে দেখেন তিনি। সে সময় পাকিস্তানি বাহিনী রাজাকারদের সহযোগিতায় হত্যা ও লুটপাট চালায়। এতে নেতৃত্ব দেন দেলাওয়ার হোসাইন শিকদার, যাকে এখন সবাই দেলাওয়ার হোসাইন সাঈদী নামে চেনে। সুলতান আহমেদের বক্তব্য উপস্থাপন শেষে আসামিপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালকে বলেন, চতুর্থ সাক্ষীকে জেরা শুরুর জন্য তৈরি নয় তারা। বিচারপতি নিজামুল হক তাদের আবেদন মঞ্জুর করে জানান, বৃহস্পতিবার সুলতান আহমেদের জেরা শুরু হবে। সাক্ষ্যগ্রহণ শেষে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম আদালতে বলেন, “সাঈদী অসুস্থ। এতো দীর্ঘ সময় তার পক্ষে আদালতে অবস্থান করা কঠিন। তার ফিজিওথেরাপি প্রয়োজন।” ট্রাইব্যুনাল এই আবেদনও মঞ্জুর করে জানায়, সাঈদী বৃহস্পতিবার সকালে ফিজিওথেরাপি নিতে পারেন। সে সময় তিনি আদালতে উপস্থিত না থাকলেও আদালতের কার্যক্রম চলবে। ফিজিওথেরাপি শেষে তাকে আদালতে হাজির হতে হবে। একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো। মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের এই নায়েবে আমীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া। এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৪৪২ ঘ.