ময়মনসিংহ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর অর্থ নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে টানাপোড়েনের বিষয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই পদ্মা সেতুর কাজ শুরু করা হবে।
বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু নির্মাণের তহবিল কে দিলো বা দিলো না, সেটা বিষয় না। আমাদের টার্গেট কাজ শুরু করা। এই সরকারের মেয়াদেই তা শুরু করা হবে।”
দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর মূল অর্থ যোগানদাতা বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে তাদের অর্থায়ন স্থগিত করেছে; যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো দুর্নীতি হয়নি।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, প্রয়োজনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে পদ্মা সেতু নির্মাণ করা হবে। গত ১১ ডিসেম্বর যোগাযোগ মন্ত্রীও একই কথা বলেন।
বুধবার জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৭ কিলোমিটার সড়কের সংস্কার কাজের ৫৭ কিলোমিটার অংশের কাজ পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী। এ সময় তিনি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, “মানুষ যাতে স্বস্তিতে থাকে এবং দুর্ভোগ থেকে মুক্তি পায় সেজন্য দ্রুত কাজ শেষ করতে হবে।”
ভালুকা উপজেলার বানার, চেলেরঘাট ও ত্রিশাল উপজেলার রায়মনি এলাকার ব্রীজ-কালভার্ট ও মাটি ভরাটের কাজও ঘুরে দেখেন মন্ত্রী।
ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, ত্রিশালের সাংসদ রেজা আলী, ফুলবাড়ীয়ার সাংসদ মোসলেম উদ্দিন, গফরগাঁয়ের সাংসদ গিয়াস উদ্দিন, গাজীপুরের আ ক ম মোজাম্মেল হক, সড়ক বিভাগের যুগ্ম-সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, চীফ ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়াসহ সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৮১৫ ঘ.
bdnews24