২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয় অবরুদ্ধ

বিএনপি গণমিছিল শুরুর আগেই বুধবার সকাল থেকে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। বসানো হয়েছে তিন স্তরের পুলিশ বেষ্টনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 06:29 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি গণমিছিল শুরুর আগেই বুধবার সকাল থেকে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। বসানো হয়েছে তিন স্তরের পুলিশ বেষ্টনী। কর্মীদের কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন দলটির নেতারা। বুধবার বেলা আড়াইটায় দলের কার্যালয়ের সামনে থেকে বিএনপির গণমিছিল শুরু হওয়ার কথা। গুপ্তহত্যা বন্ধের দাবি এবং বিরোধী দলের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে গত সোমবার রাজধানীতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সকাল ৮টা থেকেই পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। নেতাদের পরিচয় জেনে তারপর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। সকাল ১১টায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশি বেষ্টনী অতিক্রম করে কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে কার্যালয়ে আসেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, নির্বাহী সদস্য বেলাল আহমেদ, সাবেক হুইপ ফজলুল হক আসপিয়াসহ কয়েকজন। রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের গণমিছিলের কর্মসূচি শুরু হবে বেলা আড়াইটায়। এই কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য সকাল থেকেই পুলিশ আমাদের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। এটা সরকারের অগণতান্ত্রিক ফ্যাসিস্ট আচরণ।” “আমরা আশা করছি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তারা দমন পীড়ন বন্ধ করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবেন”, যোগ করেন তিনি। বেলা ১২টায় বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের মুখেই তিন স্তরের পুলিশ বেষ্টনী দেখা যায়। কার্যালয়ের কাছাকাছি দেখা যায় জলকামানের দুটি গাড়ি, প্রিজন ভ্যান ও রায়ট কার। রাস্তার ওপারে র‌্যাবের চারটি গাড়ি লাইন ধরে দাঁড় করিয়ে রাখা হয়। এছাড়া বিজয় নগর ও কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত পুরো সড়কের বিভিন্ন গলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ১৯ ডিসেম্বরও এই কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পুলিশ করতে দেয়নি। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে পুলিশ ব্যারিকেডের মধ্যে সংক্ষিপ্ত সমাবেশে এই গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন মির্জা ফখরুল। এর আগে রোববার বিএনপি কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এছাড়া ঢাকায় বোমাবাজিতে নিহত হন এক জন। আগুন দেওয়া হয় অন্তত চারটি গাড়িতে। এরপর পুলিশ বিএনপির অনেক নেতা-কর্মীকে আটক করে। আটকের প্রতিবাদে সোমবার ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি দেয় বিএনপি। আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, বিরোধীদলীয় কর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এজন্য বিভিন্ন জেলায়ও গ্রেপ্তার অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২২২ ঘ.