চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সাবেক সাংসদ কফিল উদ্দিন মারা গেছেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সার্জিস্কোপ ক্লিনিকে তার মৃত্যু হয়। জানাজা শেষে পশ্চিম বাকলিয়া ডিসি রোডে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।
গণফোরাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দিন আগে বুকে ব্যথা নিয়ে ক্লিনিকে ভর্তি হন ৭৩ বছর বয়সী কফিল। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যাতেও ভুগছিলেন।
একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কফিল পরবর্তীতে সেক্টর কমান্ডারস ফোরাম, চট্টগ্রাম শাখার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের সব প্রগতিশীল আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও পরে গণফোরামে যোগ দেন তিনি।
জানে আলম জানান, আছরের নামাজের পর চট্টগ্রাম প্যারেড ময়দানে কফিল উদ্দিনের জানাজা হয়। সন্ধ্যায় পারিবারিক গোরস্তানে দাফন করা হয় তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৯৩২ ঘ.
bdnews24