২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মশতবার্ষিকীতে স্মরণ কমরেড বারীণ দত্তকে

জন্মের শতবার্ষিকীতে কমরেড বারীণ দত্তের সংগ্রামী জীবন থেকে প্রেরণা নিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন কমিউনিস্ট নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মের শতবার্ষিকীতে কমরেড বারীণ দত্তের সংগ্রামী জীবন থেকে প্রেরণা নিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন কমিউনিস্ট নেতারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক ও কৃষক নেতা বারীণ দত্তের জন্মশতবার্ষিকীতে মঙ্গলবার এক আলোচনা সভায় এ আহ্বান জানান তারা। তারা বলেছেন, প্রয়াত এই নেতা চেতনার অনির্বাণ শিখা হয়ে বিপ্লবী আন্দোলনে এখনো প্রেরণা জুগিয়ে চলেছেন। বারীণ দত্ত স্মরণে বিকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবি আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন কমিউনিস্ট দলের নেতারা যোগ দেন। সভার শুরুতে বারীণ দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিপিবি সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে আলোচনা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবি’র সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, সহ-সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুর রহমান বাবু, ন্যাপ নেতা আব্দুর রশীদ সরকার, গণফোরাম নেতা পরিমল চন্দ্র গুহ, বারীণ দত্তের ছেলে কিশোর দত্ত, সিপিবি সিলেট জেলার সভাপতি বেদানন্দ ভট্টাচার্য প্রমুখ। তারা বারীণ দত্তকে একজন দক্ষ সংগঠক হিসেবে অভিহিত করে বলেন, মানবমুক্তি তথা সমাজতন্ত্রের সংগ্রাম অগ্রসর করার মধ্যদিয়েই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব। সভা পরিচালনা করেন সিপিবি’র সভাপতিমণ্ডলীর সদস্য লক্ষ্মী চক্রবর্তী। আলোচনা শেষে উদীচী’র শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। বারীণ দত্ত ১৯১১ সালে সিলেটের এক প্রগতিশীল রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুলে পড়াকালীন তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। পরে তিনি কৃষক ও চা শ্রমিকদের নিয়ে আন্দোলন সংগঠিত করেন। বিগত শতাব্দীর ত্রিশের দশকে সাধারণ প্রজাদের জমির লড়াই ঐতিহাসিক ‘নানকার আন্দোলনে’ তিনি নেতৃত্ব দেন। তিনি ১৯৬৮-১৯৭৩ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বারীণ দত্ত পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলে ‘আব্দুস সালাস’ নাম নিয়ে কাজ করেন। পরে তিনি এই নামেই তিনি পরিচিত হয়ে উঠেন। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক জীবনের এক দশকের বেশি সময় কারাগারে কাটান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এমআই/১৯২৪ ঘ.