ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল হবে- এই প্রতিশ্র“তি পেলেই নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপি যাবে বলে জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
মঙ্গলবার বিকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আমরা আলোচনায় যাবো। কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য কমিশন পুনর্গঠনের কোনো সংলাপে আমরা যাবো না।”
“সরকার নির্বাচন কমিশনকে হাতের পুতুল বানিয়েছে। এখন ওই কমিশন পুনর্গঠনের জন্য রাষ্ট্রপতি সংলাপের প্রস্তাব দিয়েছেন। আমাদের নেত্রী স্পষ্টভাষায় বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল করতে হবে,” বলেন তিনি।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আর দুই মাস রয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আগামী ২২ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর মতামত নেবেন রাষ্ট্রপতি।
গুপ্তহত্যা বন্ধ এবং বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে জাাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে বিএনপির প্রচার সম্পাদক ফারুক বলেন, “একদিকে রাষ্ট্রপতি সংলাপের প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।”
গত ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিরোধী দল নাশকতার পরিকল্পনা করেছিলো বলে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, “ওই সমাবেশ বানচাল করতে ক্ষমতাসীনরা প্রশাসনের ছত্রছায়ায় আমাদের নেতা-কর্মীসহ নিরস্ত্র মানুষের ওপর লাঠিপেটা ও বোমাবাজি করেছে। এখন তারা ঘটনার দোষ আমাদের ওপর চাপাচ্ছে।”
বুধবার গণমিছিল কর্মসূচিতে বাধা দিলে তার পরিণতি শুভ হবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন ফারুক। পাশাপাশি গুপ্তহত্যার জন্য সরকারকে দায়ী করে তা অবিলম্বে বন্ধের দাবিও জানান তিনি।
স্বাধীনতা ফোরামের মানববন্ধনে ফারুক ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপি নেতা খালেদা ইয়াসমীন, সাংবাদিক অলিউল্লাহ নোমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/এমআই/১৭৩১ ঘ.
bdnews24