২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির উদ্যোগের সাফল্য নিয়ে সংশয় সিইসির

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। তবে এ উদ্যোগ শুভ বলে মনে করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। তবে এ উদ্যোগ শুভ বলে মনে করছেন তিনি। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির উদ্যোগের প্রতিক্রিয়া জানতে চাইলে সিইসি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতির উদ্যোগ শুভ। তবে এ নিয়ে সমাধানে পৌঁছাতে পারবে বলে মনে হয় না।” “সমাধানে পৌঁছাতে না পারলেও এ সংলাপে একটি ফ্রেমওয়ার্ক তৈরি হবে এবং রাজনৈতিক দলগুলো কী ধরনের ইসি চায় তার ধারণা পাওয়া যাবে,” যোগ করেন তিনি। আগামী ২২ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। সংসদে প্রতিনিধিত্ব দলগুলোকে এ সংলাপে অংশ নিতে আবেদন জানানো হয়েছে। বিএনপি বলে আসছিলো, বিরোধী দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তবে রাষ্ট্রপতির উদ্যোগ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও বিএনপি নেতারা এখন বলছেন, তাদের কাছে নির্বাচন কমিশনের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হচ্ছে। সংবিধান সংশোধনের ফলে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচনের সুযোগ তৈরি হলেও বিএনপি বলে আসছে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তন না হলে নির্বাচনে অংশ নেবে না তারা। মঙ্গলবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতির সংলাপের বিষয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান শামসুল হুদা। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসার আগে নির্বাচন কমিশনের নিয়োগ সংক্রান্ত প্রস্তাবিত আইনের খসড়া অনুলিপি সংগ্রহের জন্য ড. কামাল ইসি সচিবালয়ে গিয়েছিলেন। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্র“য়ারিতে শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পরবর্তী নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত প্রস্তাবিত খসড়া নিয়ে এর আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। এ মাসের শেষ দিকে প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশ করা হবে। বর্তমানে সংসদে প্রতিনিধিত্বকারী দল রয়েছে আটটি। এগুলো হলো- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। এই আটটি দলের সঙ্গে রাষ্ট্রপতি সংলাপে বসতে চললেও রাষ্ট্রপতির প্রেসসচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা আভাস দিয়েছেন, প্রয়োজন হলে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে অন্য দলগুলোর সঙ্গেও সংলাপ হবে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল রয়েছে ৩৮টি। এর বাইরে নিবন্ধনহীন রাজনৈতিক দলও রয়েছে দেশে। তবে নির্বাচনে অংশ নিতে পারছে শুধু নিবন্ধিত দলগুলোই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এমআই/১৭০৫ ঘ.