ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ সারাদেশে গত কয়েক দিনের বিস্ফোরণ, ভাংচুর ও হতাহতের ঘটনায় বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উস্কানি থাকলেও সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।
গত রোববার ঢাকায় বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আগে-পরে ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি এবং কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ধরেই প্রধানমন্ত্রীর এই বক্তব্য।
গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন উদ্ধৃত করে বিভিন্ন সংবাদপত্র বলছে, পরিস্থিতি অস্থিতিশীল করতে বিরোধী দল ষড়যন্ত্র করছে। অন্যদিকে বিএনপি বলছে, তাদের আন্দোলন বানচালের উদ্দেশ্যে সরকারের মদদেই এসব ঘটনা ঘটছে।
প্রধানমন্ত্রী মনে করছেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ এবং বিএনপি চেয়ারপারসনের ‘দুর্নীতিবাজ’ দুই ছেলেকে রক্ষার জন্য দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে।
তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ ও দুর্নীতিবাজদের রক্ষায় জনগণের কী দায় পড়েছে। এভাবে বোমাবাজি, তাণ্ডব ঘটিয়ে মানুষ হত্যা কিসের জন্য। এর কী যুক্তি আছে?”
“আমরা দেশে সুস্থ রাজনীতির ধারা ধরে রাখতে চাই, এজন্য ধৈর্যের পরিচয় দিচ্ছি,” বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘এসএমই ফেয়ার-২০১১’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন।
বহির্বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের মান নিয়ন্ত্রণে যতœবান হতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। এজন্য ব্যবসায়ীদের ক্ষুদ্র ও মাঝারি খাতে (এসএমই) খাতে আরো বিনিয়োগের অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের ও শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/আরএ/এমআই/১৪৪৬ ঘ.
bdnews24