২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার চট্টগ্রাম রোড মার্চ ৮-৯ জানুয়ারি

এই কর্মসূচিতে ফেনী ও চট্টগ্রামে জনসভা ছাড়াও কয়েকটি স্থানে পথসভায় অংশ নেবেন বিএনপি চেযারপার্সন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 06:35 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে আগামী ৮ ও ৯ জানুয়ারি চট্টগ্রাম অভিমুুখে রোড মার্চে করবেন খালেদা জিয়া। এই কর্মসূচিতে ফেনী ও চট্টগ্রামে জনসভা ছাড়াও কয়েকটি পথসভায় অংশ নেবেন তিনি। মঙ্গলবার সকালের চট্টগ্রাম রোড মার্চ প্রস্তুতি কমিটির বৈঠকের পর সমন্বয়কারী এম কে আনোয়ার এক সংবাদ সম্মেলনে এই তারিখ ঘোষণা করেন। এর আগে গত ১০ ও ১১ অক্টোবর সিলেটে অভিমুখে যাত্রার মধ্য দিয়ে খালেদার এই রোডমার্চ কর্মসূচি শুরু হয়। এরপর ১৮ ও ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ এবং ২৬ ও ২৭ অক্টোবর খুলনা অভিমুখে রোড মার্চ করেন তিনি। চট্টগ্রাম রোডমার্চের প্রস্তুতির জন্য মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, পার্বত্য চট্টগ্রাম জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন এম কে আনোয়ার। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার জানান, ৮ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা থেকে রোড মার্চ শুরু হবে। প্রথম দিন কুমিল্লার চান্দিনা, কুমিল্লা সদরে দুটি পথসভার পর বিকালে ফেনীতে জনসভা করবেন খালেদা জিয়া। ওই জনসভা শেষে চট্টগ্রামে রওনা হবেন। সেখানে রাত্রিযাপনের পর চট্টগ্রাম শহরে দুপুরে জনসভায় বক্তব্য দেবেন তিনি। প্রস্তুতি বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এম মোরশেদ খান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, হারুন আল রশিদ, সাঈদ ইস্কান্দার, রুহুল আলম চৌধুরী, শওকত মাহমুদ, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আলহাজ মোশারফ হোসেন, গোলাম আকবর খন্দকার, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, জাকারিয়া তাহের সুমন, সাংসদ রেহানা আখতার রানু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, প্রকৌশলী আবদুল মোমেন, দ্বিপেন দেওয়ান, মা ম্যা চিং সহ চট্টগ্রাম বিভাগ ও জেলা নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর টকম/এসএম/জেকে/১২৩২ ঘ.