ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির জোট স¤প্রসারণের প্রেক্ষাপটে এক সময়ের মিত্র দল কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার গণভবনে দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে যুগপৎ আন্দোলনে মতৈক্য হয়েছে বলে দুই দলের নেতারা জানিয়েছেন।
তবে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা-ধারায় ‘যথাযথভাবে ও উপযুক্ত পন্থায়’ দেশ পরিচালনা করতে পারছে না বলে নিজেদের মত বৈঠকে তুলে ধরেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির নেতারা।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মহাজোট সরকারের তিন বছরে সিপিবির সঙ্গে মতবিনিময়ের জন্য গণভবনে দলটির নেতাদের আমন্ত্রণ জানানো হয়।
সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগ সভানেত্রীর সভাপতিত্বে এ বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা।
তিনি বলেন, “অনেক বিষয়ে সিপিবির সঙ্গে আওয়ামী লীগের মতপার্থক্য থাকলেও যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে আমাদের মধ্যে ঐকমত্য রয়েছে। ক্ষমতাসীন দলের সঙ্গে সিপিবির আন্দোলন যুগপৎ পদক্ষেপে চলবে। তবে আমরা আমাদের মতো করে তা করে যাবো।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ বেশ কিছু বিষয়ে সরকারের পদক্ষেপের সঙ্গে সিপিবির দ্বিমত বৈঠকে তুলে ধরা হয় বলে জানান তিনি।
সিপিবি মনে করে, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ইত্যাদি মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় মৌল নীতির প্রশ্নে সরকার আপস করে চলছে। গণতন্ত্র-গণতান্ত্রিক অধিকার নানাভাবে সঙ্কুচিত হচ্ছে। দেশে সাম্রাজ্যবাদী আধিপত্য ও শোষণ বাড়ছে।
দলটি একইসঙ্গে স্পষ্ট করেছে, আওয়ামী বলয় অথবা বিএনপি বলয়ের বাইরে পৃথক বাম-গণতান্ত্রিক বলয় গড়ার প্রচেষ্টা তারা চালিয়ে যাবে।
বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে খুব শিগগিরই ঢাকা ও জেলা শহরে যুগপৎভাবে মিছিল করা হবে।
বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল জলিল, আব্দুল লতিফ সিদ্দিকী, কাজী জাফরুল্লাহ, ওবায়দুল কাদের, মাহবুব-উল-আলম হানিফ, নূহ-উল-আলম লেনিন, আব্দুল মান্নান খান, আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, অসীম কুমার উকিল ও মৃণাল কান্তি দাস।
সিপিবি নেতাদের মধ্যে ছিলেন সহিদুল্লাহ চৌধুরী, হায়দার আকবর খান রনো ও সৈয়দ আবু জাফর আহমদ।
মহাজোট সরকারের তিন বছরে সিপিবির সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
’৭৫ পরবর্তী সময়ে এবং এরশাদবিরোধী আন্দোলনে প্রথমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৫ এবং পরে ৮ দলীয় জোটের অংশীদার সিপিবি দেড় যুগ ধরে আওয়ামী লীগের সঙ্গে জোটে নেই। তবে জোটে না থাকলেও যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে কর্মসূচি যুগপৎভাবে এর আগেও পালন করেছিলো দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২৪৭ ঘ.
bdnews24