২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ১২ মামলায় গ্রেপ্তার ১২০

বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনার আগে-পরে ঢাকায় সহিংসতার ঘটনায় মোট ১২টি মামলা হয়েছে। এ সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১২০ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনার আগে-পরে ঢাকায় সহিংসতার ঘটনায় মোট ১২টি মামলা হয়েছে। এ সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১২০ জনকে। সোমবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব মামলার ১১টিই পুলিশ বাদি হয়ে করেছে, যাতে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামসহ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। মামলাগুলোর মধ্যে চারটি করা হয়েছে দ্রুত বিচার আইনে। হত্যার অভিযোগে মামলা হয়েছে একটি। বিস্ফোরক আইনে হয়েছে একটি। পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে দুটি। বাকি চারটি হয়েছে গাড়ি পোড়ানোর অভিযোগে। পল্টন ও মতিঝিল থানায় মামলা হয়েছে তিনটি করে। শাহবাগ ও রমনা থানায় দুটি করে মামলা হয়েছে। তেজগাঁও ও বাড্ডা থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার আসামিদের সোমবার ঢাকার হাকিম আদালতে হাজির করে সবাইকে বিভিন্ন রিমান্ডে পেয়েছে পুলিশ। রোববার রাজধানীতে মোট ১৩টি গাড়ি পোড়ানো হয় বলে পুলিশ জানিয়েছে। এসব মামলায় গ্রেপ্তারের সংখ্যা জানালেও আসামির সংখ্যা জানায়নি পুলিশ। গ্রেপ্তার ১২০ জনের মধ্যে ১১৯ জনই দ্রুত বিচার আইনের মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। রোববার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপিকর্মীদের লাঠিপেটার পর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি হয়। এতে এক জন নিহত এবং কয়েকজন আহত হয়। এরপর বিভিন্ন স্থানে বিএনপিকর্মীদের ধড়পাকড় শুরু হয়। বিএনপি নেতাদের বাবি গ্রেপ্তারের সংখ্যা তিন শতাধিক হলেও পুলিশ এখন জানালো এই সংখ্যা ১২০। সোমবারও নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দুই দফায় ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এছাড়াও দুটি বোমার বিস্ফোরণ ঘটে বিজয় নগরে। আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, বিরোধীদলীয় কর্মীরা নাশকতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবেই বোমাবাজি ও গাড়িতে আগুন দিয়েছে। তবে বিএনপি বলছে, বিরোধী দলের কর্মসূচি বানচালের লক্ষ্যে সরকারের মদদেই এ সহিংসতা ঘটানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এমআই/২১৫৫ ঘ.