২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয়ের কাছে হাতবোমা বিস্ফোরণ

নয়া পল্টনে পুলিশি বেষ্টনীতে বিএনপির সমাবেশ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে জোনাকি সিনেমা হলের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটেছে বিজয় নগরেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো সোমবারও বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। সোমবার বিকাল ৫টার দিকে নয়া পল্টনে পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যেই জোনাকি সিনেমা হলের সামনে বিকট শব্দে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর কিছু সময় আগেই পুলিশের ঘেরাওয়ের মধ্যে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতারা। সমাবেশ শেষে নেতারা উঠে যাওয়ার কিছু সময় পর হাতবোমা দুটির বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। বিস্ফোরণে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের পরপরই পুলিশ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিএনপির কর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। প্রায় একই সময় বিজয় নগর হোটল একাত্তরের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে পল্টন থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। পুলিশের ধারণা, বিএনপির সমাবেশে অংশগ্রহণকারীরা ফেরার পথে বোমার বিস্ফোরণ ঘটায়। রোববার ঢাকার বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে আরটিভির এক গাড়িচালক আহত হন। রোববার বিএনপি কার্যালয় ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি হয়। এতে এক জন নিহত এবং কয়েকজন আহত হয়। এরপর বিএনপির শতাধিক নেতা-কর্মীকে আটক করা হলে এর প্রতিবাদে সোমবার মিছিলের কর্মসূচি দেয় বিএনপি। তবে মিছিলের আগেই সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে ফেলে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআইটি/এলএইচ/এমআই/১৭২২ ঘ.