২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার অভিযোগ গঠনের শুনানি ১৫ জানুয়ারি

এই বিএনপি নেতার ৬টি আবেদনও খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 05:31 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলার আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ১৫ জানুয়ারি। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এই তারিখ নির্ধারণ করে। সাংসদ সাকা চৌধুরীর ৬টি আবেদনও খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক আইন অনুসারে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায়ন, ট্রাইব্যুনালের বিচারকাজ টেলিভিশনে সরাসরি স¤প্রচারের অনুমতি দেওয়া, বিদেশি আইনজীবী নিয়োগ, সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধি অনুসরণ, বিচারকাজে আন্তর্জাতিক সনদ মেনে চলা এবং আসামি পক্ষের প্রস্তুতির জন্য ১১ মাস সময় চেয়ে গত ৫ ডিসেম্বর এই ছয় আবেদন করেছিলেন সাকা চৌধুরী। সোমবার ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, সাকা চৌধুরীর আবেদনগুলো গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেওয়া হলো। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে ১৫ জানুয়ারি। মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায়ন নিয়ে সাকার আবেদনের বিষয়ে আদেশে বলা হয়, অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যেভাবে মানবতাবিরোধী অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে তাই যথেষ্ট। তবে বিচারের ক্ষেত্রে আলাদত বিভিন্ন দেশে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানালগুলোর রায় অবশ্যই পর্যালোচনা করে দেখবে। বিচারকাজ টেলিভিশনে সরাসরি স¤প্রচারের অনুমতি দেওয়ার আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল বলেছে, বিচার সরাসরি দেখানোর বিষয়টি ‘ভালো শোনালেও’ এমন কোনো নজির বা সুযোগ আইনে নেই। ট্রাইব্যুনালও ‘আপাতত’ এরকম কিছুর প্রয়োজন অনুভব করছে না। বিদেশি আইনজীবী নিয়োগের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন যে আবেদন করেছিলেন, তাও খারিজ হয়ে গেছে। ট্রাইব্যুনাল বলেছে, বার কাউন্সিল আইন অনুযায়ী বিদেশি আইনজীবী এনে মামলা পরিচালনার সুযোগ নেই। আইন সংশোধন করা হলে এবং বার কাউন্সিল অনুমোদন দিলেই ট্রাইব্যুনাল এ ধরনের আবেদন বিবেচনা করতে পারে। তবে আসামিপক্ষ চাইলে আদালতের বাইরে বিদেশি আইনজীবীর কাছ থেকে পরামর্শ নিতে পারে। ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনায় সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধি অনুসরণের যে আবেদন সাকা চৌধুরী করেছিলেন, তা খারিজ করে আদালত বলেছে, ওই দুই আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই এ আদালতে বিচার চলবে। সরকার যেসব আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে- মানবতাবিরোধী অপরাধের মামলায় সেগুলো মেনে চলার আবেদনের বিষয়ে ট্রাইব্যুনাল জানিয়েছে, এটি পুরোপুরি সরকারের বিষয়, আদালতের নয়। ট্রাইব্যুনালের কার্যক্রম চলবে সংশ্লিষ্ট আইন মেনে। সর্বশেষ আবেদনে সাকা চৌধুরী তার আইনজীবীদের প্রস্তুতির জন্য ১১ মাস সময় চেয়েছিলেন। সেটিও খারিজ করেছে ট্রাইব্যুনাল। আদালত বলেছে, আসামি পক্ষ ইতোমধ্যে তিন মাসের মতো সময় পেয়েছে। গত ৪ অক্টোবর সাকা চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এরপর ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের আবেদন করা হয়। ২০১০ সালের ২৬ জুলাই সালাউদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। সাকা চৌধুরী ছাড়াও জামায়াতের পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেন সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। এছাড়া জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১১২৫ ঘ.