২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার ঢাকায় গণমিছিলের কর্মসূচি বিএনপির

পুলিশের ঘেরাওয়ের মধ্যে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বুধবার ঢাকায় গণমিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 09:32 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ঘেরাওয়ের মধ্যে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বুধবার ঢাকায় গণমিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। পুলিশি ‘নির্যাতনের’ প্রতিবাদে সোমবার বিকালে নয়া পল্টনে বিএনপির বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিলো। কিন্তু কর্মসূচির দেড় ঘণ্টা আগে দুপুর ২টার দিকে পুলিশ কার্যালয় ঘিরে ফেলে। বিএনপির কেন্দ্রীয় নেতারা কার্যালয়ের ভেতরে থাকলেও কোনো কর্মীকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিলো না। এর মধ্যেই বেলা সাড়ে ৩টার দিকে কার্যালয়ের সামনে হ্যান্ডমাইক নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ করেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি কর্মীরা কার্যালয়ের সমানে মাইক লাগাতে গেলে পুলিশ তা খুলে নিয়ে যায়। দুই স্তরে তাদের বেষ্টন করে ছিলো পুলিশ সদস্যরা। তবে বিএনপি সমাবেশ শুরু করলে বেষ্টনী অনেকটা প্রসারিত করে পুলিশ। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও অবস্থান নিয়ে আছে বিএনপি কার্যালয়ের সামনে। কাছাকাছি রয়েছে জলকামান ও প্রিজন ভ্যান। সমাবেশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, ফজলুর রহমান পটল, আমানউল্লাহ আমান, নাজিমউদ্দিন আলম, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম প্রমুখ। সমাবেশ শুরুর পর আশপাশে থাকা অর্ধশতাধিক কর্মীও এসে যোগ দেয়। সমাবেশে ফখরুল বলেন, সোমবার বিক্ষোভ মিছিল করতে না দেওয়া ও সরকারের গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদে বুধবার ঢাকায় গণমিছিল হবে। দুপুর আড়াইটায় নয়া পল্টন থেকে এই গণমিছিল শুরু হবে। এর আগে নজরুল ইসলাম বলেন, “আমাদের কর্মীদের আসতে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থান থেকে অনেককে আটক করা হয়েছে বলেও আমরা খবর পেয়েছি।” রোববার বিএনপি কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এছাড়া ঢাকায় বোমাবাজিতে নিহত হন এক জন। আগুন দেওয়া হয় অন্তত চারটি গাড়িতে। এরপর পুলিশ বিএনপির অনেক নেতা-কর্মীকে আটক করে। আটকের প্রতিবাদে সোমবার ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি দেয় বিএনপি। আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, বিরোধীদলীয় কর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এজন্য বিভিন্ন জেলায়ও গ্রেপ্তার অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৪ ঘ.