ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ায় খালেদা জিয়ার গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয়ের ৪০ বছর উপলক্ষে আয়োজিত এক সমাবেশে নানক বলেন, “খলেদা জিয়া যুদ্ধপরাধীদের রক্ষার চেষ্টা করছেন।
“স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের কাছে আমাদের মা-বোনকে পৌঁছে দিয়েছে গোলাম আযমরা- তাদের প্রশ্রয় দিয়েছিলো জিয়া। আর এই যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য কথা বলছেন খালেদা জিয়া।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামান আটক রয়েছেন। এছাড়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীও একই অভিযোগে আটক রয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘দলীয়’ আখ্যায়িত করে আটকদের মুক্তি দাবি করে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন খালেদা জিয়া। ট্রাইব্যুনালের বিরুদ্ধে জাতিসংঘকে লিখিত অভিযোগও দিয়েছে দলটি।
সমাবেশটি আয়োজন করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/১৮২২ ঘ.
bdnews24